লোকসভায় নকশালবাদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার! বন্দুক হাতে সংবিধান অবমাননা আর সহ্য নয়

লোকসভায় নকশালবাদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার! বন্দুক হাতে সংবিধান অবমাননা আর সহ্য নয়

নিউজ ডেস্ক ।। ২০২৬ সালের মধ্যে নকশালবাদ নির্মূলের পথে? লোকসভায় দাঁড়িয়ে নকশালপন্থী আদর্শ ও সশস্ত্র আন্দোলনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি স্পষ্ট জানান, যারা দেশের সংবিধান অমান্য করে হাতে অস্ত্র তুলে নেবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন।

বিগত কয়েক দশকে নকশাল হিংসায় প্রায় ২০ হাজার যুবকের মৃত্যু হয়েছে উল্লেখ করে শাহ বলেন, একসময় ‘লাল করিডর’ এলাকায় ১২ কোটিরও বেশি মানুষ আতঙ্কে দিন কাটিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিস্থিতি বদলেছে। ছত্তীসগড়ের বস্তার অঞ্চল এখন প্রায় নকশালমুক্ত। সরকার সেখানে কেবল অভিযান চালায়নি, বরং স্কুল, হাসপাতাল, রেশন দোকান এবং আধার কার্ড পৌঁছে দিয়ে সাধারণ মানুষের উন্নয়ন নিশ্চিত করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন, যারা সশস্ত্র আন্দোলনের পক্ষে সওয়াল করেন, তারা কি আদৌ দেশের সংবিধানকে মানেন? তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানান, রাষ্ট্রব্যবস্থাকে অস্বীকার করে বন্দুকের রাজনীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তবে আলোচনার পথ সবসময় খোলা রয়েছে। যারা মূলস্রোতে ফিরতে চান, তাদের সমস্যা সমাধানে সরকার বদ্ধপরিকর। কিন্তু প্রশাসনিক কাজে বাধা সৃষ্টি করলে বা বেআইনি নিয়ন্ত্রণ কায়েম করতে চাইলে কেন্দ্র যে চরম কঠোর হবে, শাহর বক্তব্যে তা অত্যন্ত পরিষ্কার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *