কোটি টাকার দেনা নাকি হুমকি? অভিনেতা সোহম চক্রবর্তীকে তলব করল হাইকোর্ট

নির্বাচনী প্রচারের উত্তাপের মাঝেই বড়সড় আইনি বিপাকে জড়ালেন অভিনেতা তথা চণ্ডীপুরের বিদায়ী বিধায়ক সোহম চক্রবর্তী। ৬৮ লক্ষ টাকা ঋণ নিয়ে তা ফেরত না দেওয়া এবং উল্টে পাওনাদারকে হুমকি দেওয়ার অভিযোগে এবার খোদ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন হুগলির এক ব্যবসায়ী। আগামী ২ এপ্রিল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
ঠিক কী ঘটেছে?
মামলাকারী শাহিদ ইমামের দাবি, ২০২১ সালে একটি চলচ্চিত্র নির্মাণের জন্য সোহম চক্রবর্তী তাঁর কাছ থেকে ৬৮ লক্ষ টাকা নিয়েছিলেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই টাকা ফেরত দেননি অভিনেতা। উল্টে টাকা ফেরত চাইলে তাঁকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শাহিদ। এই মর্মে তিনি আগেই চারু মার্কেট থানায় অভিযোগ জানিয়েছিলেন। এবার বিষয়টি গড়াল আদালত পর্যন্ত।
আদালতের কড়া নির্দেশ
মঙ্গলবার মামলাটির প্রাথমিক পর্যবেক্ষণের পর বিচারপতি নির্দেশ দিয়েছেন যে, এই মামলায় সোহম চক্রবর্তী বা তাঁর কোনও আইনি প্রতিনিধিকে অবশ্যই আদালতে হাজিরা দিতে হবে। প্রতিপক্ষকে মামলায় পক্ষভুক্ত করার নির্দেশও দিয়েছে হাইকোর্ট।
ভোটের মুখে অস্বস্তি
বর্তমানে সোহম চক্রবর্তী নদিয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে জোরকদমে প্রচার চালাচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে যখন তিনি জনসংযোগ বাড়াচ্ছেন, ঠিক সেই মুহূর্তেই এই আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তাঁর রাজনৈতিক কেরিয়ারে কিছুটা হলেও অস্বস্তি বাড়াল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এখন দেখার, আগামী ২ এপ্রিল আদালতে সোহমের পক্ষ থেকে কী সাফাই দেওয়া হয়।