মালদায় বিচারকদের ঘেরাওকাণ্ডে ফুঁসে উঠলেন মমতা, সরাসরি কাঠগড়ায় কংগ্রেস

মালদায় বিচারকদের ঘেরাওকাণ্ডে ফুঁসে উঠলেন মমতা, সরাসরি কাঠগড়ায় কংগ্রেস

নির্বাচনী আবহে মালদায় বিচারকদের গাড়ি ঘিরে বিক্ষোভের ঘটনায় রণংদেহী মেজাজে ধরা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বৈষ্ণবনগরের নির্বাচনী প্রচার সভা থেকে এই নজিরবিহীন পরিস্থিতির জন্য সরাসরি কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রী কড়া ভাষায় দাবি করেন, ‘কংগ্রেসিদের অত্যাচারে’ই মালদায় এমন বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যার ফলে জাতীয় স্তরে বাংলার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। বিচার বিভাগীয় আধিকারিকদের হেনস্থা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।

সম্প্রতি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে সুজাপুর ও মোথাবাড়ি এলাকায় জাতীয় সড়ক অবরোধের সময় সাতজন বিচারকের গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়। এই ঘটনার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত, যেখানে সিবিআই ও এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মানুষের ক্ষোভ থাকতেই পারে, কিন্তু কোনো বিচারকের ওপর আক্রমণ করবেন না। এটা আমি অত্যন্ত কড়াভাবে বলছি।” প্ররোচনায় পা না দিয়ে তিনি সাধারণ মানুষকে আইনি পথে ট্রাইব্যুনালে আপিল করার পরামর্শ দেন।

এদিন সভা থেকে বিজেপি, কংগ্রেস ও সিপিএমকে একযোগে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার জন্য বিজেপিকে দায়ী করার পাশাপাশি তিনি বিরোধীদের ‘জগাই-মাধাই-গদাই’ বলে কটাক্ষ করেন। তাঁর অভিযোগ, নোটবন্দির পর এবার ‘ভোটবন্দি’ করে মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নিতে চাইছে গেরুয়া শিবির। তবে প্রতিকূল পরিস্থিতিতেও মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি জানান, রাজ্যের উন্নয়ন স্তব্ধ করার চেষ্টা হলেও তৃণমূল সাধারণ মানুষের অধিকার রক্ষায় লড়াই চালিয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *