ভোররাতের জাতীয় সড়কে ভয়াবহ ট্র্যাজেডি, লরির ধাক্কায় প্রাণ হারালেন ৮ তীর্থযাত্রী!

ভোররাতের জাতীয় সড়কে ভয়াবহ ট্র্যাজেডি, লরির ধাক্কায় প্রাণ হারালেন ৮ তীর্থযাত্রী!

অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার মন্ত্রালয়ম মণ্ডলের চিলকালাদোনা গ্রামের কাছে বৃহস্পতিবার ভোরে একটি বোলেরো গাড়ি ও সিমেন্ট বোঝাই লরির ভয়াবহ সংঘর্ষে শিশু ও মহিলাসহ অন্তত ৮ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। কর্ণাটকের চিক্কামাগালুরু থেকে তীর্থযাত্রীরা কুর্নুলের শ্রী রাঘবেন্দ্র স্বামী মঠে দর্শনের উদ্দেশ্যে যাওয়ার পথে ১৬৭ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও ১২ জন যাত্রী গুরুতর আহত অবস্থায় কুর্নুল সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভোররাত পৌনে ৩টে নাগাদ বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই লরিটি বোলেরো গাড়িটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয় এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জন মারা যান। মৃতদের মধ্যে ৬ জন মহিলা ও ৩ বছরের একটি শিশু রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, লরি চালকের বেপরোয়া গতি এবং ঘুমন্ত ভাবই এই দুর্ঘটনার কারণ। পুলিশ ঘাতক লরিটি আটক করেছে এবং পলাতক চালকের খোঁজ চালাচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *