গণতন্ত্রের জয়! সুপ্রিম কোর্টের নির্দেশে উচ্ছ্বসিত মমতা, কী সেই বিশেষ রায়?

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়া সংক্রান্ত মামলায় এক ঐতিহাসিক নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছে, নির্বাচনের ঠিক দু’দিন আগে পর্যন্ত যদি কোনো ভোটার ট্রাইব্যুনাল থেকে ছাড়পত্র বা ক্লিয়ারেন্স পান, তবে তাকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। আদালত পর্যবেক্ষণে আরও বলেছে, ভোটাধিকার একটি সাংবিধানিক ও মৌলিক অধিকার, তাই ট্রাইব্যুনালে নিজেদের নাম বৈধ বলে প্রমাণ করতে পারলে ভোটারদের তালিকাভুক্ত করা প্রশাসনের কর্তব্য।
এই নির্দেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে ‘মানুষের জয়’ এবং নিজের ‘নৈতিক জয়’ হিসেবে অভিহিত করেছেন। কোচবিহারের জনসভা থেকে তিনি অভিযোগ করেন, ষড়যন্ত্র করে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল। আদালতের এই রায়ের পর তৃণমূল নেত্রী দলের ব্লক ও বুথ স্তরের কর্মীদের নির্দেশ দিয়েছেন, যাদের নাম বাদ পড়েছে তাদের চিহ্নিত করে ট্রাইব্যুনালে আবেদন ও নথিপত্র জোগাড়ে সহায়তা করতে এবং বিষয়টি নিয়ে কড়া নজরদারি রাখতে। প্রায় ৯১ লক্ষ নাম বাদ পড়ার এই বিতর্কিত ইস্যুতে সুপ্রিম কোর্টের এই রায় রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।