‘আপনি তৃণমূলের দালাল’, কালীগঞ্জে পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়ালেন সেলিম-শতরূপ

ভোটপ্রচারের শেষ লগ্নে তৃণমূল ও সিপিএমের জোড়া মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল নদিয়ার কালীগঞ্জে। একই স্থানে এবং একই সময়ে দুই রাজনৈতিক দলকে কী করে কর্মসূচির অনুমতি দেওয়া হল, তা নিয়ে কালীগঞ্জ থানার পুলিশ আধিকারিককে রীতিমতো আঙুল উঁচিয়ে তোপ দাগলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং যুব নেতা শতরূপ ঘোষ।
দুই মিছিল মুখোমুখি, পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা
সোমবার কালীগঞ্জে সিপিএম প্রার্থী সাবিনার সমর্থনে একটি মিছিল বার হয়, যেখানে উপস্থিত ছিলেন সেলিম ও শতরূপ। সিপিএমের অভিযোগ, ঠিক একই সময়ে এবং একই এলাকায় তৃণমূলের তরফেও একটি মিছিল বার করা হয়। দুই দলের মিছিল মুখোমুখি চলে এলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজনা প্রশমিত হওয়ার বদলে আরও বেড়ে যায়। পুলিশ আধিকারিকদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন সিপিএম নেতারা।
‘উর্দি খুলে দেব’, পুলিশের উদ্দেশে সেলিমের হুঁশিয়ারি
পুলিশের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন মহম্মদ সেলিম। কর্তব্যরত এক আধিকারিককে তিনি প্রকাশ্যেই ‘তৃণমূলের দালাল’ বলে আক্রমণ করেন। সেলিম বলেন, “আপনি তৃণমূলের দালালি করেছেন। আপনার লোক এসে মাইক বন্ধ করতে বলল। আপনারা অপদার্থ। আপনারা থামাতে পারতেন, কিন্তু আমাদের মিটিংটা ভেস্তে দিয়েছেন।” এরপর বক্তৃতা করার সময় পুলিশের উদ্দেশে তিনি চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিনা অনুমতিতে যাঁরা মাইক লাগিয়েছে, তা খুলে ফেলুন। নয়তো আপনাদের উর্দি খুলে দেব।”
‘তৃণমূলের বাবার মাইনে পান না’, তোপ শতরূপের
একই সুরে পুলিশকে আক্রমণ করেন শতরূপ ঘোষও। সভার অনুমতির প্রশাসনিক প্রক্রিয়া মনে করিয়ে দিয়ে তিনি আইসি-কে কাঠগড়ায় তোলেন। শতরূপ বলেন, “কোনও দলের তরফে কর্মসূচির অনুমতি চাওয়া হলে স্থানীয় থানা আগে জানায় কে আগে অনুমতি চেয়েছে। থানার এনওসি পাওয়ার পরেই বিডিও অফিস থেকে অনুমতি দেওয়া হয়। আপনি স্থানীয় থানার আইসি হয়ে একই জায়গায়, একই সময়ে কী ভাবে দুই দলের কর্মসূচির অনুমতি দিলেন?” এরপরই তিনি তীব্র কটাক্ষ করে বলেন, “আপনি তৃণমূলের বাবার মাইনে পান না।”
কমিশনে যাওয়ার পথে সিপিএম
এই গোটা ঘটনার নেপথ্যে গভীর ষড়যন্ত্র দেখছেন সিপিএম প্রার্থী সাবিনা (কালীগঞ্জের নিহত তমন্নার মা)। তাঁর অভিযোগ, মুর্শিদাবাদ থেকে গুন্ডা ভাড়া করে এনে এই অশান্তি পাকানো হয়েছে এবং যারা তমন্নাকে হুমকি দিয়েছিল, তারা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সোমবারের এই জোড়া মিছিলের অনুমতি এবং পুলিশের ভূমিকার প্রতিবাদে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা করছে সিপিএম নেতৃত্ব।
প্রতিবেদক: স্বাধীন মানব দাস।