মিঠুন চক্রবর্তীর নিউটাউনের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, ‘মহাগুরু’কে কুর্নিশ জানিয়ে পোস্ট করলেন ছবি

রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীর মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সকালে নিউটাউনে মিঠুন চক্রবর্তীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। দীর্ঘক্ষণ তাঁদের মধ্যে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর সমাজমাধ্যমে মিঠুন চক্রবর্তীর সঙ্গে নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করে এক আবেগঘন বার্তা দেন শুভেন্দু অধিকারী।
পরিবর্তনের লড়াইয়ে মিঠুনের অবদানকে কুর্নিশ
সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় স্বীকার করেছেন যে, রাজ্যে পদ্ম শিবিরকে ক্ষমতায় আনার পেছনে মিঠুন চক্রবর্তীর মাঠপর্যায়ের প্রচার এক অভূতপূর্ব শক্তি জুগিয়েছিল। নিজের পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন:
“২০২১ এর পর থেকে ২০২৬ -এ বিজেপির সরকার গঠন পর্যন্ত পশ্চিমবঙ্গের পরিবর্তনের লক্ষ্যে… এরাজ্যের প্রতিটি প্রান্তে ছুটে বেড়িয়েছেন। পশ্চিমবঙ্গের মা বোনদের উপর নির্যাতন… বিরুদ্ধে সম্মানীয় শ্রী মিঠুন চক্রবর্তী মহোদয় গর্জে উঠে যেভাবে পাশে থেকেছেন তার জন্য.. কুর্ণিশ জানাই।”
ভোটের ময়দানে ‘মহাগুরু’ ম্যাজিক
রাজনৈতিক মহলের মতে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর থেকে দক্ষিণ—রাজ্যের প্রতিটি প্রান্তে বিজেপির হয়ে ম্যারাথন প্রচার চালিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। বিশেষ করে গ্রামীণ এলাকায় মহিলাদের ওপর হওয়া বিভিন্ন নির্যাতনের বিরুদ্ধে তাঁর ঝাঁজালো বক্তৃতা এবং ‘মহাগুরু’র ডায়লগ ভোটারদের ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। রাজ্যে দল ক্ষমতায় আসার পর তাঁর এই অবদানকে যে নতুন সরকার পূর্ণ মর্যাদা দিচ্ছে, শুভেন্দু অধিকারীর এই সকাল সকাল নিউটাউনের বাড়িতে চলে যাওয়া এবং ‘কুর্নিশ’ বার্তা তারই বড় প্রমাণ। দুই তারকার এই একান্ত সাক্ষাৎকারকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।