কাটমানি! গ্রেফতার প্রভাবশালী তৃণমূল নেতা হরিপ্রসন্ন

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে এলাকার গরিব ও দুঃস্থ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকার কাটমানি ও তোলাবাজি করার অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন এক প্রভাবশালী তৃণমূল নেতা। মুর্শিদাবাদ জেলার রানিনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চর রাজাপুর গ্রাম থেকে হরিপ্রসন্ন মণ্ডল নামের ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে। এই গ্রেফতারির পর রানিনগর থানা এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
১৫০টিরও বেশি পরিবারের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় বছর পাঁচেক আগে এলাকায় দলীয় পদের প্রভাব খাটিয়ে প্রতাপের সাথে চলতেন হরিবাবু। সেই সময় সরকারি আবাস যোজনার তালিকায় নাম তোলার টোপ দিয়ে চর রাজাপুর ও তার পার্শ্ববর্তী এলাকার ১৫০টিরও বেশি গরিব পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের কাটমানি বা তোলা আদায় করেছিলেন তিনি। টাকা দিলেও বছরের পর বছর কেটে গেলেও বহু পরিবার ঘর পায়নি, আবার কেউ কেউ ঘর পেলেও তাঁদের অ্যাকাউন্টে আসা সরকারি টাকার একটা বড় অংশ জোরপূর্বক কেটে নিয়েছিলেন এই তৃণমূল নেতা। রাজ্যে ক্ষমতার সমীকরণ বদলাতেই প্রতারিত গ্রামবাসীরা রানিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
কাটমানি নেওয়ার কথা স্বীকার করল স্থানীয় তৃণমূল নেতৃত্ব
সাধারণত এই ধরনের ঘটনায় দলীয় নেতৃত্ব দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও, এই ক্ষেত্রে রানিনগরের স্থানীয় তৃণমূল নেতৃত্ব হরিপ্রসন্ন মণ্ডলের কাটমানি ও তোলাবাজি নেওয়ার কথা একপ্রকার স্বীকার করে নিয়েছে। স্থানীয় দলীয় সূত্রের খবর, হরিবাবুর এই দুর্নীতির কারণে এলাকায় দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। ফলে দল তাঁর এই ব্যক্তিগত দুর্নীতির কোনো দায় নেবে না। ধৃত হরিপ্রসন্ন মণ্ডলকে আজই বহরমপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে রানিনগর থানার পুলিশ।