‘দেশ সংকটে, আর মোদি ইতালিতে টফি বিলোচ্ছেন!’ রাহুল-খাড়্গের তীব্র তোপ

জ্বলছে মূল্যবৃদ্ধির আগুন আর প্রধানমন্ত্রী বিদেশে রিল বানাচ্ছেন, তীব্র আক্রমণ রাহুলের
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির অজুহাতে দেশে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রল থেকে শুরু করে পাউরুটির মতো সব ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। মূল্যবৃদ্ধির এই বাজারে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে ইতালি, নরওয়ে ও নেদারল্যান্ডসসহ পাঁচ দেশ সফরে ব্যস্ত রয়েছেন। দেশের এই চরম অর্থনৈতিক সংকটের মুহূর্তে প্রধানমন্ত্রীর বিদেশ সফর এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে টফি উপহার দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।
অর্থনৈতিক সংকট বনাম মোদির বিদেশ সফর
প্রধানমন্ত্রীর এই সফরকে ‘নিছক নাটক’ বলে তীব্র আক্রমণ ছুড়ে দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উত্তরপ্রদেশের রায়বেরিলিতে এক জনসভায় তিনি কটাক্ষ করে বলেন, অর্থনৈতিক ঝড়ের মুখে দাঁড়িয়ে দেশবাসী যখন কাঁদছেন, তখন প্রধানমন্ত্রী বিদেশে হাসিমুখে রিল বানাচ্ছেন। একই সুর শোনা গেছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং মুখপাত্র পবন খেরার গলায়। বিরোধী শিবিরের অভিযোগ, গত ১২ বছরে পেট্রলিয়াম পণ্যের কর থেকে ৪৩ লক্ষ কোটি টাকা আদায় করলেও সাধারণ মানুষকে কোনো স্বস্তি দেওয়া হয়নি, উল্টে সংকট আড়াল করতে এখন আন্তর্জাতিক স্তরে প্রচার চালানো হচ্ছে।
শেয়ার বাজারে আজব কাণ্ড
এদিকে প্রধানমন্ত্রীর চকলেট উপহার দেওয়ার ছবি সমাজমাধ্যমে ভাইরাল হতেই দেশের শেয়ার বাজারে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপহার দেওয়া চকোলেট কো ম্পা নির নামের সাথে মিল থাকা অন্য একটি অনথিভুক্ত কো ম্পা নির শেয়ারের দাম আচমকা ৫ শতাংশ বেড়ে গেছে। মূল চকোলেট কো ম্পা নিটি শেয়ার বাজারে নথিভুক্ত না থাকায়, নামের বিভ্রান্ত সুযোগ নিয়ে অন্য একটি সংস্থা মাঝখান থেকে মুনাফা লুটে নিয়েছে, যা নিয়ে এখন রসালো চর্চা চলছে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে।
এক ঝলকে
- পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে পেট্রলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া।
- চরম অর্থনৈতিক সংকটের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঁচ দেশ সফর নিয়ে সরব বিরোধীরা।
- ইতালির প্রধানমন্ত্রীকে মোদির টফি উপহার দেওয়ার ঘটনাকে তীব্র ভাষায় কটাক্ষ রাহুল গান্ধীর।
- চকোলেট বিতর্কের জেরে শেয়ার বাজারে একই নামের অন্য কো ম্পা নির শেয়ারের দর এক লাফে ৫ শতাংশ বৃদ্ধি।