তীব্র তাপপ্রবাহে ঝুঁকিতে সিএনজি গাড়ি, বড় বিপদ এড়াতে মাথায় রাখুন ৫টি জরুরি বিষয়

দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। আকাশছোঁয়া তাপমাত্রার এই দাপট কেবল জনজীবনকেই বিপর্যস্ত করছে না, সমানভাবে প্রভাব ফেলছে রাস্তায় চলোমান যানবাহনের ওপরও। বিশেষ করে যারা সিএনজি চালিত গাড়ি ব্যবহার করেন, এই তীব্র গরমে তাদের বাড়তি সতর্ক হওয়া জরুরি। পেট্রোল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণে কম খরচে ভালো মাইলেজ পেতে অনেকেই এখন সিএনজি গাড়ির দিকে ঝুঁকছেন। তবে সিএনজি গাড়ি কেনার পর এর সঠিক রক্ষণাবেক্ষণের বিষয়টি অনেকেই অবহেলা করেন, যা এই প্রচণ্ড গরমে বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।
মূলত উচ্চ তাপমাত্রা সিএনজি ট্যাঙ্ক এবং গ্যাস সিস্টেমের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। ফলে সময়মতো সার্ভিসিং এবং পরীক্ষা-নিরীক্ষা না করালে গ্যাস লিক হওয়া, ইঞ্জিন বিকল হওয়া বা এমনকি গাড়িতে আগুন লাগার মতো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। গরমের এই সময়ে সিএনজি গাড়ি সুরক্ষিত রাখতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে পাঁচটি বিষয়ে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
ট্যাঙ্ক পুরোপুরি ভর্তি না করা ও লিকের বিষয়ে সতর্কতা
গরমের দিনে সিএনজি ট্যাঙ্ক কখনো পুরোপুরি ভর্তি করা নিরাপদ নয়। উচ্চ তাপমাত্রার কারণে গ্যাস প্রসারিত হয়, যা সিলিন্ডারের ভেতরে অভ্যন্তরীণ চাপ কয়েক গুণ বাড়িয়ে দেয়। গ্যাস সম্প্রসারণের জন্য সিলিন্ডারে পর্যাপ্ত জায়গা না থাকলে বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটি দেখা দিতে পারে। তাই বিশেষজ্ঞরা গরমকালে সিলিন্ডারের সাধারণ ক্ষমতার চেয়ে অন্তত ২ থেকে ৩ কিলোগ্রাম গ্যাস কম ভরার পরামর্শ দেন।
পাশাপাশি, গাড়ির ভেতরে বা আশেপাশে সামান্যতম গ্যাসের গন্ধ পেলেও তা অবহেলা করা চলবে না। এটি সিলিন্ডার বা পাইপলাইন লিক হওয়ার স্পষ্ট লক্ষণ। এমন পরিস্থিতি তৈরি হলে সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে নিকটস্থ সার্ভিস সেন্টারে পরীক্ষা করানো উচিত, কারণ সামান্য গ্যাস লিক থেকেও যেকোনো সময় বড় বিস্ফোরণ ঘটতে পারে।
নিয়মিত সার্ভিসিং ও কারিগরি পরীক্ষা
তীব্র গরমে সিএনজি গাড়ির পাইপলাইন, রেগুলেটর, ফিটিংস এবং প্রতিটি সংযোগস্থল নিয়মিত পরীক্ষা করা অত্যন্ত জরুরি। কোনো পাইপে ফাটল, মরিচা বা ঢিলেভাব দেখা দিলে তা অবিলম্বে বদলে ফেলা উচিত। এর সাথে সিলিন্ডারের কার্যক্ষমতা ও ধারণক্ষমতা যাচাইয়ের জন্য হাইড্রলিক টেস্ট করানো বাধ্যতামূলক। এই পরীক্ষা সিলিন্ডারটি উচ্চ চাপ সহ্য করতে পারবে কিনা তা নিশ্চিত করে। একটি পুরনো বা দুর্বল সিলিন্ডার গরমের দিনে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
এছাড়া সিএনজি ইঞ্জিন সাধারণত পেট্রোল ইঞ্জিনের চেয়ে বেশি তাপমাত্রায় চলে, যা গ্রীষ্মকালে আরও দ্রুত উত্তপ্ত হয়। তাই গাড়ির এয়ার ফিল্টার এবং স্পার্ক প্লাগ নিয়মিত পরীক্ষা করা দরকার। ত্রুটিপূর্ণ স্পার্ক প্লাগ ইঞ্জিনের ওপর বাড়তি চাপ তৈরি করে পারফরম্যান্স কমিয়ে দেয় এবং নোংরা এয়ার ফিল্টার গাড়ির মাইলেজের ক্ষতি করে। সামগ্রিক সুরক্ষায় এই বিষয়গুলো মেনে চললে গরমেও সিএনজি গাড়ি রাখা সম্ভব নিরাপদ ও সচল।