অভিষেকের উপর হামলা কর্মের ফল, তোপ বিজেপি বিধায়ক রত্নার

সোনারপুরে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে আরজি কর নির্যাতিতার মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ একে কর্মের ফল বলে অভিহিত করেছেন। সোনারপুরে আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয় মানুষের ক্ষোভের মুখে পড়েন অভিষেক। তাঁকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ডিম ছোড়া হয় এবং তাঁর জামা ছিঁড়ে ফেলার অভিযোগও ওঠে। বিজেপির দাবি, এটি স্থানীয় মানুষের স্বতস্ফূর্ত জনরোষ, তৃণমূলের তোলা নিরাপত্তার অভিযোগ ভিত্তিহীন।
এই ঘটনা প্রসঙ্গে রত্না দেবনাথ তৃণমূল নেতৃত্বকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি বিক্ষোভকারীদের ধন্যবাদ জানিয়ে কটাক্ষের সুরে বলেন, ডিম ছোড়ার মাধ্যমে স্থানীয় মানুষ অভিষেকের ত্বক ও চুলের যত্ন নিয়েছেন, যা তাঁকে আরও সিল্কি করে তুলেছে। সেই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তিনি ক্ষোভ উগরে দিয়েছেন। রত্নার অভিযোগ, আরজি কর কাণ্ড ধামাচাপা দেওয়ার পেছনে তৎকালীন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতার নির্দেশই ছিল মূল কারণ।
বিধায়কের মতে, আরজি করের ঘটনার ন্যায়বিচার পাওয়া যায়নি এবং তার প্রভাব বা রেশ এখনও কাটেনি। তিনি দাবি করেন, নিজের অপকর্মের জন্য সবাইকে পাপের শাস্তি পেতেই হয়। পাশাপাশি, নিজের মেয়ের স্মৃতিচারণ করে তিনি জানান, ডায়মন্ড কুইনকে নবান্ন থেকে নামানোর যে প্রতিজ্ঞা তিনি করেছিলেন, তা ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। সব দুর্নীতির পর্দা ফাঁস করে সত্য সামনে আনার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন আরজি কর নির্যাতিতার মা।