রাজ্যের ১৬০০ মাদ্রাসায় বন্দে মাতরম, বাধ্যতামূলক নির্দেশনায় সুর মেলালেন পড়ুয়ারা

রাজ্যের ১৬০০ মাদ্রাসায় বন্দে মাতরম, বাধ্যতামূলক নির্দেশনায় সুর মেলালেন পড়ুয়ারা

গ্রীষ্মকালীন ছুটির শেষে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খুলতেই এক নতুন দৃশ্যের সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনস্থ প্রায় ১৬০০টি মাদ্রাসায় সোমবার সকালের প্রার্থনায় সম্মিলিত কণ্ঠে গাওয়া হলো জাতীয় গান ‘বন্দে মাতরম’। রাজ্য সরকারের জারি করা বিশেষ নির্দেশিকা মেনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই দেশাত্মবোধক গানটি পরিবেশন করা হয়।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, কেবল গান গাওয়া নয়, নির্দেশ পালনের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি মাদ্রাসার প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের প্রার্থনা-পর্বের ভিডিও রেকর্ড করার নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেই ভিডিও সংশ্লিষ্ট স্কুল সাব-ইন্সপেক্টর এবং জেলা বিদ্যালয় পরিদর্শকদের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করা হয়েছে। গত ২০ মে রাজ্য সরকারের তরফ থেকে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছিল।

অডিওর সাহায্য ও নতুন নিয়ম

অনেক মাদ্রাসাতেই পড়ুয়াদের এই গানটি নতুন হওয়ায় এবং ছটি স্তবক মুখস্থ না থাকায় প্রার্থনার সময় সাউন্ড সিস্টেমে মূল অডিও বাজিয়ে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন শিক্ষার্থীরা। এই আয়োজনে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের শিক্ষক-শিক্ষিকারা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। আগে মাদ্রাসাগুলোতে জাতীয় সঙ্গীতের পাশাপাশি কবি গোলাম মোস্তফা রচিত বিশেষ প্রার্থনা সঙ্গীত গাওয়া হতো, তবে সোমবারের সভায় শুধুমাত্র ‘বন্দে মাতরম’ ও জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ পরিবেশন করা হয়। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশ অনুযায়ী ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তিকে সামনে রেখে রাজ্যের সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলোর পাশাপাশি মাদ্রাসাগুলোতেও এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *