প্রেম ও বিচ্ছেদের ককটেলে নাস্তানাবুদ শাহিদ কাপুর, প্রকাশ্যে ‘ককটেল ২’ সিনেমার ট্রেলার

বলিউড অভিনেতা শাহিদ কাপুর বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে লাইমলাইটের আড়ালে রাখতে পছন্দ করেন। তবে এবার তিনি জড়িয়ে পড়েছেন এক জটিল ত্রিকোণ প্রেমের গল্পে। দুই নারীর সঙ্গে প্রেম এবং বিচ্ছেদের রসায়নে একেবারে নাস্তানাবুদ অবস্থা অভিনেতার। তবে এই ঘটনা বাস্তবে নয়, বরং রুপোলি পর্দায় ঘটতে চলেছে। মঙ্গলবার প্রকাশ্যে এসেছে বলিউডপ্রেমীদের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ককটেল ২’-এর ট্রেলার, যেখানে রশ্মিকা মন্দানা এবং কৃতী শ্যাননের সঙ্গে শাহিদের এই রোম্যান্টিক সমীকরণ দেখা গেছে।
২০১২ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার সিনেমা ‘ককটেল’-এর সিক্যুয়েল হিসেবে তৈরি হয়েছে এই নতুন ছবি। পূর্ববর্তী সিনেমায় সইফ আলি খান, দীপিকা পাড়ুকোন এবং ডায়ানা পেন্টির প্রেম ও বন্ধুত্বের সমীকরণ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর সেই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিকে নতুন তারকাদের হাত ধরে পর্দায় ফিরিয়ে আনছেন নির্মাতারা।
পুরনো বোতলে নতুন ওয়াইন
ট্রেলার প্রকাশের পর থেকেই স্বাভাবিকভাবে ২০১২ সালের মূল ছবির সঙ্গে এই সিক্যুয়েলের তুলনা শুরু হয়েছে। নতুন ছবিতে অতীতের জনপ্রিয় গানগুলিকে রিমেক হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে সিক্যুয়েল হলেও মূল গল্পের চেনা ছক থেকে খুব একটা বের হননি নির্মাতারা। শাহিদ, কৃতী ও রশ্মিকার চরিত্রের মধ্য দিয়ে আধুনিক প্রজন্মের বন্ধুত্ব, প্রেম, মান-অভিমান এবং বিচ্ছেদের টানাপোড়েন ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায়। ট্রেলারের সূত্র ধরে জানা গেছে, ছবির গল্পের প্রেক্ষাপট এবার সাজানো হয়েছে ইটালির পটভূমিতে।
বক্স অফিসে প্রভাবের সম্ভাবনা
চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, ‘ককটেল’ একটি শক্তিশালী ব্র্যান্ড হওয়ায় এই সিক্যুয়েলটি শুরু থেকেই দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করতে পেরেছে। তবে কাস্টিং পুরোপুরি বদলে যাওয়ায় এবং গল্পে নতুনত্বের অভাব থাকলে তা বক্স অফিসে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পুরনো নস্টালজিয়াকে পুঁজি করে বর্তমান প্রজন্মের দর্শকদের কতটা আকৃষ্ট করা যাবে, তার ওপরই নির্ভর করছে সিনেমার বাণিজ্যিক সাফল্য। আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ককটেল ২’।