অবশেষে শুরু অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন, আবেদন করবেন কীভাবে?

পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্নপূর্ণা যোজনার অনলাইন পোর্টাল অবশেষে সক্রিয় হয়েছে। শুক্রবার রাত থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে আবেদনের দ্বার। রাজ্য সরকারের নির্দিষ্ট পোর্টাল https://socialregistry.wb.gov.in/ -এ গিয়ে আগ্রহীরা সরাসরি আবেদন করতে পারবেন। সরকারি নির্দেশিকা অনুযায়ী, আগামী ৯০ দিন পর্যন্ত এই প্রক্রিয়া চালু থাকবে। আবেদনকারীরা অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই নিজেদের নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন।
আবেদন প্রক্রিয়ার নিয়ম ও প্রয়োজনীয় নথিপত্র
অনলাইন আবেদনের জন্য পোর্টালের ‘Citizen/Family Login’ অপশনে ক্লিক করতে হবে। এরপর জেলা নির্বাচন করে আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে ওটিপি পাঠিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। আবেদনের জন্য আবেদনকারীর ভোটার কার্ড বা এপিক নম্বর বাধ্যতামূলক। প্রতিটি মোবাইল নম্বর থেকে কেবল একজনই আবেদন করতে পারবেন। পরিবারের সকল সদস্যের আধার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, জন্মতারিখ, আয়কর সংক্রান্ত তথ্য, জমির রেকর্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং পেশার প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। এছাড়া পারিবারিক সম্পত্তির হিসেব, চার চাকার গাড়ির তথ্য এবং স্বাস্থ্যবিমার মতো খুঁটিনাটি বিষয়গুলোও ফর্মে উল্লেখ করা আবশ্যক।
লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে প্রকল্পের সমন্বয়
গত বুধবার থেকেই রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনার অধীনে যোগ্য মহিলাদের মাসিক ৩ হাজার টাকা করে অনুদান প্রদান শুরু করেছে। ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে প্রথম দিনেই প্রায় ২৮ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে দেওয়া হয়েছে। তবে মনে রাখতে হবে, অন্নপূর্ণা যোজনার আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান বন্ধ হয়ে যাবে। তাই প্রকল্পের সুবিধা বজায় রাখতে নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিচ্ছে প্রশাসন।