মেসিকাণ্ডে ৫ কোটির তোলাবাজি ও চরম হুমকি! কাঠগড়ায় আয়োজক শতদ্রু দত্ত

মেসিকাণ্ডে ৫ কোটির তোলাবাজি ও চরম হুমকি! কাঠগড়ায় আয়োজক শতদ্রু দত্ত

ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে বিতর্ক যেন থামার কোনও লক্ষণ নেই। এবার ওই মেগা ইভেন্টের মূল আয়োজক শতদ্রু দত্তর বিরুদ্ধে ৫ কোটি টাকার তোলাবাজি, মানহানি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের লিখিত অভিযোগ দায়ের করলেন ট্যাংরার এক ব্যবসায়ী। প্রগতি ময়দান থানায় দায়ের হওয়া এই বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে বর্তমানে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে।

যুবভারতীর বিশৃঙ্খলা এবং মিথ্যা অপবাদের অভিযোগ

গত বছর ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত মেগা ইভেন্টটিতে শতদ্রু দত্তর টিমের চূড়ান্ত অব্যবস্থার কারণে চরম বিশৃঙ্খলা ছড়ায়। অভিযোগকারী ব্যবসায়ী অভিজিৎ দত্ত ওই ইভেন্টে ক্রু হিসেবে যুক্ত ছিলেন। তাঁর দাবি, আয়োজকদের গাফিলতিতে প্রচুর বহিরাগত মাঠে ঢুকে পড়ে এবং বিশিষ্ট অতিথিরা হেনস্থার শিকার হন। এই ঘটনায় অভিজিৎ নিজেও শারীরিক নিগ্রহের শিকার হয়ে কার্যত জোরপূর্বক বিতাড়িত হন। পরবর্তীতে শতদ্রু দত্ত নিজের ফেসবুকে একটি পোস্ট করে এই বিশৃঙ্খলার সম্পূর্ণ দায় মিথ্যেভাবে অভিজিৎ দত্তর ওপর চাপিয়ে দেন বলে অভিযোগ।

গোপন বৈঠক ও রাজনৈতিক প্রভাব খাটানোর হুমকি

অভিযোগপত্রে অভিজিৎবাবু জানিয়েছেন, প্রতিবেশীদের মাধ্যমে ক্রমাগত চাপ সৃষ্টি করে গত ৩ জুন তাঁকে বিলাসবহুল হোটেল আইটিসি সোনারে দেখা করতে বাধ্য করা হয়। সেখানে শতদ্রু দত্ত স্বয়ং উপস্থিত হয়ে তাঁর কাছে নগদ ৫ কোটি টাকা দাবি করেন। টাকা না দিলে নিজের প্রবল রাজনৈতিক প্রভাব খাটিয়ে মিথ্যে মামলায় ফাঁসানোর ও চরম পরিণতির হুমকি দেওয়া হয় বলে পুলিশের কাছে দাবি করেছেন ওই ব্যবসায়ী।

টাকা হাতানোর এই চক্রান্ত এবং ক্রমাগত হুমকির জেরে ওই ব্যবসায়ী ও তাঁর পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রগতি ময়দান থানার পুলিশ ইতিমধ্যেই এই বিষয়ে লিখিত অভিযোগ গ্রহণ করেছে। একের পর এক আইনি লড়াইয়ের আবহে এই নতুন তোলাবাজির অভিযোগ শতদ্রু দত্তর ভাবমূর্তি ও ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার নির্ভরযোগ্যতা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিল। যদিও এই গোটা ঘটনার বিষয়ে শতদ্রু দত্তর পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *