মন্ত্রিসভায় বড় চমক! রাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, মন্দির থেকে নাম ঘোষণা শুভেন্দুর

মন্ত্রিসভায় বড় চমক! রাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, মন্দির থেকে নাম ঘোষণা শুভেন্দুর

ওয়েবডেস্ক: রাজ্যের স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্বে বড় পরিবর্তন। নিউ টাউনের রামমন্দিরে পুজো দেওয়ার পর রাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে শারদ্বত মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন যে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এই নাম ঘোষণা করেন, সেখানে শারদ্বত নিজেও উপস্থিত ছিলেন। দায়িত্ব পাওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে।”

কীভাবে এল এই ঘোষণা?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২ বছরের কর্মজীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনায় বুধবার নিউ টাউনের রামমন্দিরে বিশেষ ধর্মীয় আচার ও পুজোর আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজোর শেষে দলের নেতা-নেত্রীদের ধন্যবাদ জানানোর সময় রাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে শারদ্বত মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

কারা ছিলেন উপস্থিত?

মুখ্যমন্ত্রী এদিন দলের নেতাদের ধন্যবাদ জানানোর সময় একে একে নাম উল্লেখ করেন বিধায়ক পীযূষ কানোরিয়াজি, রাজারহাট গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি এবং বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। এরপরই তিনি বিধাননগরের বিধায়ক ও প্রথিতযশা চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায়কে রাজ্যের নতুন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তরের মন্ত্রী হিসেবে ঘোষণা করেন।

রাজনৈতিক মহলের মতে, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর মতো গুরুত্বপূর্ণ দপ্তরে শারদ্বত মুখোপাধ্যায়ের মতো একজন চিকিৎসককে দায়িত্ব দিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন দেখার, নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি কোন পথে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে এগিয়ে নিয়ে যান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *