তৃণমূলে মহাবিদ্রোহ! এবার ঋতব্রতর শিবিরে ফিরহাদ হাকিম? বাড়ছে শোরগোল

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে আরও কোণঠাসা করতে এবার কি আসরে নামছেন ফিরহাদ হাকিম? তৃণমূলের অন্দরে চলা তীব্র ডামাডোলের মাঝেই এবার প্রাক্তন মেয়র তথা মমতার একসময়ের অত্যন্ত বিশ্বস্ত ববির ভূমিকা নিয়ে শুরু হলো জোর চর্চা। রাজনৈতিক মহলের দাবি, তৃণমূলের বিদ্রোহী শিবিরের শক্তি বাড়াতে পর্দার আড়ালে বড় ভূমিকা নিচ্ছেন তিনি, যা আগামী দিনে এক বিরাট চমক হিসেবে সামনে আসতে পারে।
বর্তমানে জোড়াফুলের এই বিদ্রোহী শিবিরের বিধায়ক সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ৬৫-তে। সূত্রের খবর, ৬০ জনের গণ্ডি পার করার পর এই বিদ্রোহী বিধায়করা প্রত্যেকেই অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুকে সমর্থনের চিঠি দিতে পারেন।
এদিকে বুধবার যখন দিল্লি জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে ফিরে যাওয়ার জল্পনায় তোলপাড়, ঠিক তখনই বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে। ‘কী করবেন আপনারা?’—এই প্রশ্নের জবাবে ঋতব্রত সাফ জানান, “তৃণমূল কংগ্রেসে মিশবে না।” তাঁর এই কড়া বার্তা থেকেই স্পষ্ট যে, এবার দলের আসল প্রতীক (Symbol) ও নাম নিজেদের দখলে রাখতে আইনি লড়াইয়ের দিকেই হাঁটছে বিদ্রোহী শিবির। সেক্ষেত্রে লোকসভার অধ্যক্ষের হাত ঘুরে বিষয়টি যাবে নির্বাচন কমিশনের দরবারে।
পাশাপাশি, রাজনৈতিক এই টানাপোড়েনের মাঝেই জেলায় জেলায় আক্রান্ত ও ঘরছাড়া দলীয় কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এদিনই রাজ্যের ডিজির (DG) সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন ঋতব্রতরা। কর্মীদের একটি তালিকাও ডিজির হাতে তুলে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সব মিলিয়ে, ফিরহাদ হাকিমকে ঘিরে তৈরি হওয়া এই নতুন সমীকরণ রাজ্যের রাজনীতিতে কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।