স্কুলের বন্ধ ঘরে টাকার পাহাড়! কাঁচরাপাড়ায় উদ্ধার পৌনে ২ কোটি নগদ, জড়াল সাংসদের নাম

স্কুলের বন্ধ ঘরে টাকার পাহাড়! কাঁচরাপাড়ায় উদ্ধার পৌনে ২ কোটি নগদ, জড়াল সাংসদের নাম

কাঁচরাপাড়া: উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার এক নামী বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে উদ্ধার হলো প্রায় ১ কোটি ৭৭ লক্ষ টাকা নগদ! গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে বীজপুর থানার পুলিশ ওই স্কুলে ম্যারাথন তল্লাশি অভিযান চালায়। রাতভর টানটান উত্তেজনার পর স্কুলের একটি তালাবন্ধ ঘর থেকে উদ্ধার হয় আটটি টাকার প্যাকেট। এই বিপুল পরিমাণ কালো টাকার উৎস কী, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে তোলপাড় শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, টাকার পাহাড় উদ্ধারের পর রাতেই স্কুলে নিয়ে আসা হয় তিনটি টাকা গোনার মেশিন। বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলে গণনা। তদন্তকারীরা জানিয়েছেন, এত টাকা কেন ব্যাঙ্কে না রেখে স্কুলের বন্ধ ঘরে লুকিয়ে রাখা হয়েছিল, তার কোনো সদুত্তর দিতে পারেননি স্কুলের হিসাবরক্ষক (অ্যাকাউন্ট্যান্ট) অভীক নাথ। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাঁকে ইতিমধ্যেই আটক করেছে।

এদিকে এই ঘটনা প্রকাশ্য আসতেই দায় এড়ানোর চেষ্টা করেছেন স্কুলের প্রিন্সিপাল বিকাশচন্দ্র পাল। তাঁর দাবি, “এপ্রিল মাস থেকে অ্যাডমিশনের এই টাকা ব্যাঙ্কে জমা না দিয়ে স্কুলে রেখে দিয়েছিলেন অ্যাকাউন্ট্যান্ট। তবে কেন ব্যাঙ্কে রাখা হয়নি, তা আমার জানা নেই। আমার অজান্তেই সব ঘটেছে।”

ঘটনার খবর পেয়ে রাতেই স্কুলে পৌঁছান বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। এই ঘটনায় স্থানীয় তৃণমূল সাংসদের নাম জড়িয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “কাঁচরাপড়াবাসীর গর্বের এই শিক্ষাপ্রতিষ্ঠানটিকে দুর্নীতির আঁতুড়ঘর বানিয়ে ফেলা হয়েছে। ইডি-সিবিআই-এর ভয়ে কালো টাকা লুকিয়ে রাখতেই স্কুলকে সেফ হাউস হিসেবে ব্যবহার করা হচ্ছিল।” উদ্ধার হওয়া এই বিপুল অর্থের পেছনে কোনো বড়সড় দুর্নীতি বা প্রভাবশালী চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বীজপুর থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *