এবার উত্তরবঙ্গের কলেজেও ‘লীলাক্ষেত্র’! আনন্দচন্দ্র কলেজের ইউনিয়ন রুমে মদের বোতল, মেয়েদের অন্তর্বাস

এবার উত্তরবঙ্গের কলেজেও ‘লীলাক্ষেত্র’! আনন্দচন্দ্র কলেজের ইউনিয়ন রুমে মদের বোতল, মেয়েদের অন্তর্বাস

জলপাইগুড়ি: সুরেন্দ্রনাথ কলেজ, কাঁচরাপাড়ার স্কুলের পর এবার জলপাইগুড়ির ঐতিহ্যবাহী আনন্দচন্দ্র (এসি) কলেজ। রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির একের পর এক কেলেঙ্কারি ফাঁসের তালিকায় জুড়ে গেল উত্তরবঙ্গের এই নামী কলেজের নাম। দীর্ঘদিন বন্ধ থাকা কলেজের ছাত্র সংসদের (ইউনিয়ন রুম) তালা ভাঙতেই উদ্ধার হলো থরে থরে সাজানো বিদেশি মদের বোতল, আপত্তিকর সামগ্রী এবং মহিলাদের অন্তর্বাস ও পোশাক। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে কলেজ চত্বরে।

সম্প্রতি কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে এসি বেডরুম, বিপুল টাকা ও মদের বোতল উদ্ধার এবং কাঁচরাপাড়ার একটি স্কুলের ‘সিক রুম’ থেকে কন্ডোম ও কোটি টাকা উদ্ধারের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সেই রেশ কাটতে না কাটতেই এবার একই ধরনের নজিরবিহীন কেলেঙ্কারি সামনে এলো জলপাইগুড়িতে।

জানা গেছে, বৃহস্পতিবার আনন্দচন্দ্র কলেজের বন্ধ থাকা স্টুডেন্ট ইউনিয়ন রুমের তালা ভাঙেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) সদস্যরা। দরজা খুলতেই ভেতরে দেখা যায় চাঞ্চল্যকর দৃশ্য। রুমের ভেতর থেকে একের পর এক বিদেশি মদের খালি ও ভর্তি বোতল এবং মহিলাদের অন্তর্বাস উদ্ধার হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসন।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই শাসকদলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) দিকে আঙুল তুলেছে বিরোধী শিবির। এবিভিপি-র অভিযোগ, সাধারণ ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পরিবেশ নষ্ট করে তৃণমূলের ছাত্র সংগঠন এই ইউনিয়ন রুমটিকে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজের আখড়া বানিয়ে রেখেছিল। অন্যদিকে বিজেপির দাবি, রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংসদ ঘর দখল করে এভাবেই দিনের পর দিন নেশা ও অসামাজিক কার্যকলাপের আড্ডা চালানো হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে কলেজের নিরাপত্তা এবং ছাত্র সংসদের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই বড়সড় প্রশ্ন উঠে গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *