ক্যানসার রোগীদের মাথায় আকাশ ভেঙে পড়ল! কেন্দ্রের গ্রিন সিগন্যালে চড়া দামে বিকোবে কেমোথেরাপির ২ ওষুধ
নয়া দিল্লি: নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই আমজনতার নাভিশ্বাস ওঠার জোগাড়। তার মধ্যেই এবার ক্যানসারের মতো মারণ রোগের চিকিৎসা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে বসেছে। এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে কেমোথেরাপির অত্যন্ত জরুরি দুটি ওষুধের দাম। আর এই দাম বাড়ানোর সিদ্ধান্তে ইতিমিধ্যেই সবুজ সংকেত দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
জানা গেছে, বর্তমানে ভারতের বাজারে ‘সিসপ্ল্যাটিন’ (Cisplatin) এবং ‘কার্বোপ্ল্যাটিন’ (Carboplatin) নামের এই দুটি জীবনদায়ী ওষুধ একেবারেই পাওয়া যাচ্ছে না। বাজারে এই ওষুধের তীব্র জোগান ঘাটতি মেটাতেই মূলত দাম বাড়ানোর এই চরম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন এই নজিরবিহীন সিদ্ধান্ত?
দেশের ওষুধের দামের ওপর কড়া নজরদারি চালায় কেন্দ্রীয় কেমিক্যাল ও ফার্টিলাইজার মন্ত্রকের অধীনে থাকা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA)। সম্প্রতি ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির তরফে মোট ৮৩টি ওষুধের দাম বাড়ানোর জন্য কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন জানানো হয়েছিল। তার মধ্যে জরুরি ভিত্তিতে ৪টি ওষুধের দাম বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে কেমোর এই দুটি প্রধান ওষুধ।
ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির দাবি, এই ওষুধগুলো তৈরির মূল কাঁচামাল বা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (API)-এর দাম আন্তর্জাতিক বাজারে অনেকটাই বেড়ে গেছে। এছাড়া ফরেন এক্সচেঞ্জ রেট বা বৈদেশিক মুদ্রার মূল্যের ঘনঘন ওঠানামার কারণেও উৎপাদন খরচ অনেক বেড়েছে।
আন্তর্জাতিক সংকটের জের
বিশেষজ্ঞদের মতে, এই দুটি কেমোথেরাপির ওষুধ তৈরির জন্য অন্যতম প্রধান উপাদান হলো কাঁচা প্ল্যাটিনাম। কিন্তু বর্তমান পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক সংকটের জেরে আন্তর্জাতিক বাজারে প্ল্যাটিনামের দাম হু হু করে বাড়ছে। এর পাশাপাশি চড়া আমদানি শুল্ক এবং ভারতীয় টাকার মূল্যের ওঠানামার কারণেই এই জীবনদায়ী ওষুধ দুটির দাম সাধারণ মানুষের পকেটে বড়সড় টান মারতে চলেছে।