“নন্দীগ্রামের মতো গুলি না চালিয়েই এবার বাংলায় আসবে শিল্প, টাটাকেও ফেরাব!” বামেদের তীব্র খোঁচা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

“নন্দীগ্রামের মতো গুলি না চালিয়েই এবার বাংলায় আসবে শিল্প, টাটাকেও ফেরাব!” বামেদের তীব্র খোঁচা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা: পশ্চিমবঙ্গে শিল্পায়ন ও কর্মসংস্থান নিয়ে পূর্বতন বাম সরকারকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে শিল্প গড়ার ক্ষেত্রে জমি কোনও বাধা হবে না বলে সাফ জানিয়ে দেওয়ার পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন, এবার এ রাজ্যেই ফিরতে চলেছে টাটা গোষ্ঠী।

মুখ্যমন্ত্রী বলেন, “আগামী দিনে বাংলায় শিল্প গড়ার ক্ষেত্রে জমি নিয়ে কোনও সমস্যা হবে না। ইতিমধ্যেই একাধিক বড় শিল্প প্রকল্পের বিষয়ে চূড়ান্ত কথাবার্তা হয়ে গেছে। এবার সত্যিই আত্মনির্ভর হয়ে উঠবে পশ্চিমবঙ্গ।” সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গ টেনে বাম আমলকে নিশানা করে তিনি বলেন, “আগের সরকারের ভুল নীতির কারণে সিঙ্গুরের জমি নষ্ট হয়েছে। কিন্তু আমাদের আমলে তেমনটা একেবারেই হবে না। বিগত সরকার শুধু জমি অধিগ্রহণই করে গিয়েছে, কাজের কাজ কিছুই হয়নি।”

পূর্বতন বাম জমানার পুলিশি হিংসার দিকে আঙুল তুলে শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দেন, “নন্দীগ্রামের মতো গুলি না চালিয়েও যে রাজ্যে শিল্প আনা যায়, এবার সেটাই প্রমাণ হবে।” রাজ্যকে শিল্প মানচিত্রে প্রথম সারিতে ফিরিয়ে আনাই যে এখন তাঁর সরকারের মূল লক্ষ্য, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে তা আরও একবার পরিষ্কার হয়ে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *