‘১ সেকেন্ডে ১২টা বাজিয়ে দেবে…’ বিতর্কিত মন্তব্য নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে এফআইআর!

‘১ সেকেন্ডে ১২টা বাজিয়ে দেবে…’ বিতর্কিত মন্তব্য নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে এফআইআর!

কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে বিতর্কিত মন্তব্য করে এবার আইনি বিপাকে পড়লেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে করা তাঁর একটি বিশেষ মন্তব্যকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছিল রাজনৈতিক মহলে। এবার সেই মন্তব্যের প্রেক্ষিতেই কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ (FIR) দায়ের করা হলো।

জানা গেছে, গত ৯ মার্চ এসপ্ল্যানেডের মেট্রো চ্যানেলে দলীয় ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি বক্তব্য পেশ করেছিলেন। অভিযোগ, তাঁর সেই বক্তব্য সামাজিক শান্তি বিঘ্নিত করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং গণতান্ত্রিক কাঠামোকে নষ্ট করতে পারত। এই ঘটনার জেরে প্রথমে নেতাজি নগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ঘটনাস্থলটি হেয়ার স্ট্রিট থানার অধীনে হওয়ায়, পরে সেটিকে ‘জ়িরো এফআইআর’ (Zero FIR) হিসেবে হেয়ার স্ট্রিট থানায় স্থানান্তরিত করে পুলিশ।

কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

৯ মার্চের সেই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা একটি মন্তব্য ঘিরেই মূলত বিতর্কের সূত্রপাত। তিনি বলেছিলেন, “…যদি আমরা না থাকি তখন এক সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না…১ সেকেন্ডে দেবে ১২টা বাজিয়ে…।” তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সমাজের বিভিন্ন স্তর থেকে তীব্র সমালোচনা শুরু হয়েছিল। সেই রেশ টেনেই এবার আইনি পদক্ষেপ নেওয়া হলো প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে।

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে আইনি জটিলতা এই প্রথম নয়। এর আগে গত ২ জুন রানি রাসমণি রোডের সভা থেকে বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদির খুনের ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছিল। এবার হেয়ার স্ট্রিট থানার এই নতুন এফআইআর-এর পর রাজনৈতিক পারদ যে আরও চড়বে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *