পেট্রল পাম্পে ২০০ লিটারের বেশি ডিজেল নয়! আমজনতার পকেটে কি টান? বড় সিদ্ধান্ত কেন্দ্রের

নয়াদিল্লি: পেট্রল ও ডিজেল কেনাবেচা নিয়ে দেশজুড়ে এক বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। এবার থেকে আর খুচরো পেট্রল পাম্পে গিয়ে ইচ্ছামতো বিপুল পরিমাণে জ্বালানি কিনতে পারবে না শিল্প, বাণিজ্যিক এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্থাগুলি। তাদের জন্য নির্দিষ্ট ‘বাল্ক সাপ্লাই চ্যানেলের’ মাধ্যমেই জ্বালানি সংগ্রহ করা বাধ্যতামূলক করা হয়েছে। আপাতত আগামী ৯০ দিনের জন্য এই কড়া নিয়ম কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
কেন এই আকস্মিক সিদ্ধান্ত?
আসলে, সম্প্রতি ডিজেলের পাইকারি (বাল্ক) এবং খুচরো দামের মধ্যে এক বিশাল ফারাক তৈরি হয়েছে। এর ফলে বড় বড় বাণিজ্যিক সংস্থাগুলি নির্দিষ্ট ডিলারদের থেকে বেশি দামে জ্বালানি না কিনে, সরাসরি সাধারণ পেট্রল পাম্প থেকে সস্তায় তেল নেওয়া শুরু করে। এর জেরে দেশের বিভিন্ন খুচরো পাম্পে ডিজেলের চাহিদা একধাক্কায় ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়, যার প্রভাব পড়ে জোগানের ওপর। কেন্দ্রের আশঙ্কা, এই প্রবণতা রুখতে না পারলে আগামী দিনে সাধারণ গ্রাহকদের জ্বালানির তীব্র সংকটে পড়তে হতে পারে।
আমজনতার ওপর কী প্রভাব পড়বে?
নতুন সরকারি নির্দেশিকা অনুযায়ী, খুচরো পাম্প থেকে কোনো গ্রাহক বা গাড়িকে দিনে ২০০ লিটারের বেশি ডিজেল দেওয়া যাবে না। সেই তেল কোনোভাবেই বাজারে পুনরায় বিক্রি করা চলবে না।
তবে সাধারণ গাড়ি, বাইক চালক বা মধ্যবিত্তদের এই নিয়মে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই নিষেধাজ্ঞা শুধুমাত্র বড় শিল্প ও বাণিজ্যিক ব্যবহারকারীদের জন্য। আমজনতা আগের মতোই স্বাভাবিক নিয়মে পেট্রল পাম্প থেকে তেল কিনতে পারবেন।
সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করে জানানো হয়েছে যে, দেশে পেট্রল ও ডিজেলের পর্যাপ্ত জোগান রয়েছে। তেলের কালোবাজারি, মজুতদারি এবং খুচরো বাজারে অতিরিক্ত চাপ কমাতেই এই সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে।