BGBS-এ ৬৫০ কোটির মহা কেলেঙ্কারি! এবার মমতার ‘গত সরকারের’ বিরুদ্ধে বড় পদক্ষেপ শিল্পমন্ত্রী তাপস রায়ের

কলকাতা: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS) নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ! শিল্প সম্মেলনের নামে প্রায় ৬৫০ কোটি টাকার বিপুল দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। আর এই আবহেই এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও নজিরবিহীন পদক্ষেপ নিলেন রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী তাপস রায়। পূর্বতন সরকারের সময় হওয়া এই সম্মেলন নিয়ে সরাসরি বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
শিল্পমন্ত্রী তাপস রায় স্পষ্ট জানিয়েছেন, এই বিপুল অঙ্কের খরচের খতিয়ান জানতে তিনি ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন। তিনি বলেন, “আমি দফতরের সচিব-সহ শীর্ষস্থানীয় কর্তাদের কড়া নির্দেশ দিয়েছি। গত সরকারের করা শিল্প সম্মেলন নিয়ে আগামী সপ্তাহের মধ্যেই তাঁরা আমাকে বিস্তারিত রিপোর্ট দেবেন।”
ঠিক কী কী জানতে চেয়েছেন মন্ত্রী? তাপস রায় জানান, বিগত সম্মেলনগুলোতে আসলে কত টাকার লগ্নির প্রস্তাব এসেছিল এবং সেইসব প্রস্তাবিত প্রকল্পগুলোর বর্তমান পরিস্থিতি ঠিক কী—তার প্রতিটির খুঁটিনাটি তথ্য তলব করা হয়েছে।
শিল্পমন্ত্রীর এই কড়া মনোভাবের পর রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। কারণ, তাঁর এই তদন্তের নির্দেশ সরাসরি গত সরকারের স্বচ্ছতাকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল। আগামী সপ্তাহে রিপোর্ট জমা পড়ার পরেই এই ৬৫০ কোটির ‘মহা দুর্নীতি’র জল কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার।