ব্যাঙ্কক থেকে ট্রলি ব্যাগ ভর্তি মাদক! মুম্বই বিমানবন্দরে ১২ কোটির গাঁজা-সহ গ্রেফতার ‘মিসেস কেরল’ রানার্স-আপ

ব্যাঙ্কক থেকে ট্রলি ব্যাগ ভর্তি মাদক! মুম্বই বিমানবন্দরে ১২ কোটির গাঁজা-সহ গ্রেফতার ‘মিসেস কেরল’ রানার্স-আপ

মুম্বই: আন্তর্জাতিক মাদক পাচার চক্রের জালে এবার জড়িয়ে পড়লেন দেশের এক জনপ্রিয় মডেল। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ মাদক-সহ গ্রেফতার হলেন কেরলের বাসিন্দা হর্ষা সানি (Harsha Sunny)। ধৃত হর্ষা ২০২৫ সালের ‘মিসেস কেরল’ সৌন্দর্য প্রতিযোগিতার রানার্স-আপ ছিলেন। শুল্ক দফতরের দাবি, তাঁর কাছ থেকে প্রায় ১১.৮২৪ কিলোগ্রাম হাইড্রোপনিক গাঁজা উদ্ধার হয়েছে, যার আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১১.৮২ কোটি টাকা।

শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে ব্যাঙ্কক থেকে মুম্বই বিমানবন্দরে এসে নামেন হর্ষা। বিমানবন্দরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের (AIU) আধিকারিকদের তাঁর গতিবিধি দেখে সন্দেহ হয়। ভোর ৪টে নাগাদ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। প্রথমে ব্যক্তিগত তল্লাশিতে কিছু না মিললেও, তাঁর ট্রলি ব্যাগ পরীক্ষা করতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। ব্যাগের ভেতর থেকে ১২টি ভ্যাকুয়াম-সিল করা প্যাকেট উদ্ধার হয়, যাতে ঠাসা ছিল উচ্চমানের হাইড্রোপনিক ক্যানাবিস বা বিশেষ ধরনের গাঁজা। এরপরই মাদক নিয়ন্ত্রণ আইন (NDPS Act)-এর অধীনে তাঁকে গ্রেফতার করা হয়। আদালত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।

‘আমি নির্দোষ, ফাঁসানো হয়েছে’, দাবি মডেলের

যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হর্ষা। তদন্তকারীদের কাছে তাঁর দাবি, ব্যাঙ্ককে আলাপ হওয়া এক ব্যক্তি তাঁকে এই ব্যাগটি ভারতে পৌঁছে দেওয়ার অনুরোধ করেছিলেন। ব্যাগের ভেতরে কী ছিল, তা তিনি জানতেনই না। তাঁর আইনজীবীরও দাবি, আন্তর্জাতিক মাদক পাচারকারীরা এক নিরীহ মডেলকে ‘কুরিয়ার’ হিসেবে ব্যবহার করে ফাঁসিয়েছে।

পেশায় মডেল হর্ষা সানি একটি বেসরকারি ব্যাঙ্কে রিলেশনশিপ ম্যানেজার হিসেবেও কর্মরত। মডেলিং ও ভ্রমণের সুবাদেই তিনি থাইল্যান্ড গিয়েছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনার পেছনে আন্তর্জাতিক স্তরের বড় কোনো ড্রাগ র‍্যাকেট কাজ করছে কি না, তা জানতে হর্ষার কল রেকর্ড ও ট্রাভেল হিস্ট্রি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গ্ল্যামার দুনিয়ার এমন এক চেনা মুখের গ্রেফতারিতে স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *