মায়ের কোলে থাকা অবস্থাতেই মর্মান্তিক পরিণতি! ৪০ ফুট উপর থেকে মাথায় পড়ল নারকেল, মৃত্যু দেড় বছরের শিশুর

উডুপি: মায়ের কোলই ছিল তার সবচেয়ে নিরাপদ আশ্রয়। কিন্তু সেই কোলেই নেমে এল চরম বিপর্যয়। প্রায় ৪০ ফুট উঁচু নারকেল গাছ থেকে একটি নারকেল সোজা এসে পড়ল দেড় বছরের এক শিশুর মাথায়। আর এই ভয়ংকর দুর্ঘটনায় মাথা ফেটে মৃত্যু হলো এক নিষ্পাপ শিশুর। কর্ণাটকের ব্রহ্মাবর তালুকের হেরানজে এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা প্রশান্ত পূজারী একটি ফাস্ট ফুডের দোকান চালান। তাঁর স্ত্রী সুচিত্রা গত ৯ জুন সকালে তাঁর ৬ বছরের মেয়ে দিয়াকে স্কুল বাসে তুলে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। কোলে ছিল দেড় বছরের ছোট ছেলে দক্ষ। বাড়ির কাছের একটি নারকেল বাগানের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময়ই ঘটে এই অবিশ্বাস্য ও নির্মম দুর্ঘটনা।
চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ:
হঠাৎ করেই গাছ থেকে একটি বড় নারকেল খসে সরাসরি সুচিত্রার কোলে থাকা শিশু দক্ষের মাথায় এসে পড়ে। নারকেলের আঘাতে শিশুটির মাথার খুলি ফেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। রক্তাক্ত ও অচেতন অবস্থায় পরিবার এবং স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করে তড়িঘড়ি মণিপালের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে আইসিইউ-তে রেখে জরুরি অস্ত্রোপচারও করা হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে একরত্তি শিশুটি।
নিজেদের চোখের মণির এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে বুক ফেটে কান্নায় ভেঙে পড়েছেন হতভাগ্য বাবা-মা। এই নারকীয় ও অদ্ভুত দুর্ঘটনায় দেড় বছরের শিশুর অকালমৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।