ইনস্টাগ্রামে আলাপ, দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ! গ্রেফতার যুবক

চেন্নাই: সোশ্যাল মিডিয়ায় আলাপ থেকে প্রেম, আর তারপর স্কুলের নাম করে ডেকে নিয়ে গিয়ে এক ১৭ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুভান্নামালাই জেলায়। এই ঘটনায় অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম করুপ্পন (২৮)। সে পেশায় একজন দিনমজুর। কয়েক মাস আগে ইনস্টাগ্রামের মাধ্যমে নামাক্কাল জেলার এক দ্বাদশ শ্রেণীর ছাত্রীর সঙ্গে তার পরিচয় হয়। সোশ্যাল মিডিয়ার এই আলাপ ধীরে ধীরে ফোন নম্বর আদান-প্রদান এবং গভীর প্রেমে রূপ নেয়।
স্কুলে যাওয়ার নাম করে প্রেমিকের সাথে দেখা:
অভিযোগ, গত ৮ জুন ওই ছাত্রীটি বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হলেও, আগে থেকে করা পরিকল্পনা অনুযায়ী সে করুপ্পনের সঙ্গে দেখা করতে চলে যায়। দুজনে প্রথমে সাত্তানুর বাঁধ এলাকায় ঘুরতে যায়। এরপর ওই যুবক ফুসলিয়ে মেয়েটিকে একটি নির্জন এলাকায় নিয়ে যায় এবং সেখানে তার ওপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ।
নির্যাতনের পর অভিযুক্ত যুবক ওই ছাত্রীকে আবার বাইকে করে এনে স্কুলের সামনে নামিয়ে দিয়ে চম্পট দেয়। বাড়ি ফিরে নির্যাতিতা নাবালিকা সমস্ত ঘটনা পরিবারকে জানালে, পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত করুপ্পনকে গ্রেফতার করেছে। পকসো (POCSO) আইনে মামলা রুজু করে ঘটনার পরবর্তী তদন্ত চালাচ্ছে পুলিশ।