সরকারি ভুলে অ্যাকাউন্টে এল অন্নপূর্ণার ৩০০০ টাকা! সততার অনন্য নজির গড়লেন পুরুলিয়ার যুবক

পুরুলিয়া: চারদিকে যখন দুর্নীতির অভিযোগের লম্বা তালিকা, ঠিক তখনই সততার এক বিরল নজির স্থাপন করলেন পুরুলিয়ার রঘুনাথপুরের এক বাসিন্দা। সরকারি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা ভুলবশত তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে পড়লে, তা আত্মসাৎ না করে সরকারি দপ্তরে গিয়ে ফেরত দেওয়ার আবেদন জানালেন স্বদেশপ্রিয় মাহাতো নামে ওই ব্যক্তি।
ঘটনার সূত্রপাত গত ৩ জুন। রঘুনাথপুরের বাসিন্দা স্বদেশপ্রিয় মাহাতোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎ একটি নোটিফিকেশন আসে। দেখা যায়, সরকারি অন্নপূর্ণা প্রকল্পের ৩০০০ টাকা তাঁর অ্যাকাউন্টে জমা হয়েছে। অথচ, ওই প্রকল্পের জন্য তিনি কখনও কোনো আবেদনই করেননি। সরকারি কোনো যান্ত্রিক ত্রুটির কারণেই এই টাকা তাঁর কাছে পৌঁছেছে বলে প্রাথমিক ধারণা।
টাকা পেয়ে অনেকে হয়তো চুপচাপ খেয়ে নেওয়ার কথা ভাবতেন, কিন্তু স্বদেশপ্রিয়বাবু উল্টো পথে হাঁটলেন। টাকা পাওয়ার পরেই তিনি ব্যাঙ্কের সমস্ত নথিপত্র জোগাড় করেন এবং সরাসরি হাজির হন মহকুমাশাসকের (SDO) দপ্তরে।
কর্মকর্তাদের কাছে তিনি স্পষ্ট জানান, এই টাকা তাঁর প্রাপ্য নয়। তাই সরকারি নিয়ম মেনে তিনি তা ফেরত দিতে চান। তাঁর মানবিক আবেদন, “যাঁদের এই টাকা পাওয়ার কথা এবং যাঁদের সত্যিই সরকারি সাহায্যের প্রয়োজন, এই টাকা যেন সেই প্রকৃত প্রাপকের কাছেই পৌঁছায়।” সরকারি টাকা আত্মসাৎ না করে এমন নজিরবিহীন সততা দেখে প্রশংসার জোয়ার বইছে স্থানীয় মহলে।