“আমাদের কাছে যেমন ভ্যাকসিন আছে, ব্রহ্মসও রয়েছে!” পহেলগাম হামলার জবাবে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি রাজনাথের

হায়দরাবাদ: জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে এবার রণং দেহি মেজাজে ধরা দিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সন্ত্রাসবাদের মদতদাতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “মানবতার শত্রুদের কাছে সিন্ধু নদের এক ফোঁটা জলও পৌঁছতে দেব না।”
শনিবার তেলঙ্গানা বিজেপির উদ্যোগে হায়দরাবাদে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য রাখার সময় পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন প্রতিরক্ষা মন্ত্রী। পহেলগামের হামলায় ২৬ জন নিরীহ নাগরিকের মৃত্যুর পর ভারত যে পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের ‘সিন্ধু জল চুক্তি’ সাময়িকভাবে স্থগিত করেছে, সেই সিদ্ধান্তের কথাই এদিন পুনর্ব্যক্ত করেন তিনি। রাজনাথ বলেন, “যাঁদের জন্য আমাদের দেশবাসীর চোখের জল শুকিয়ে গিয়েছে, তাঁরা যেন আমাদের কাছে জলের আশা না করেন।”
‘অপারেশন সিন্দুর’ এবং বিরোধীদের নিশানা:
হায়দরাবাদের মঞ্চ থেকে রাজনাথ সিং দাবি করেন, ‘অপারেশন সিন্দুর’-এর মাধ্যমে মোদী সরকার প্রমাণ করে দিয়েছে যে, যারা শান্তির ভাষা বোঝে না, তাদের কীভাবে তাদের নিজস্ব ভাষাতেই মোক্ষম জবাব দিতে হয়। একই সঙ্গে ভারতীয় সেনাদের বীরত্ব নিয়ে প্রশ্ন তোলার জন্য কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলির তীব্র সমালোচনা করেন তিনি। তিনি মনে করিয়ে দেন, ভারতের মাটিতে সন্ত্রাসী হামলা চালানো হলে পাকিস্তানের শস্য এবং জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে—এই হুঁশিয়ারি আগেই দেওয়া হয়েছিল।
বিশ্বমঞ্চে ভারতের শক্তি ও ‘ব্রহ্মস’ বার্তা:
কোভিড-১৯ মহামারীর সময়ে বিশ্বজুড়ে ভারতের ভ্যাকসিনের সাহায্যের কথা স্মরণ করিয়ে দিয়ে রাজনাথ বলেন, আজ বিশ্ব ভারতকে ‘বিশ্ববন্ধু’ হিসেবে গণ্য করে। তবে একই সঙ্গে দেশের শত্রুদের সতর্ক করে তাঁর গর্জন, “ভারতের শত্রুদের মনে রাখা উচিত, এই দেশের কাছে যেমন মানুষের প্রাণ বাঁচানোর ভ্যাকসিন রয়েছে, তেমনই শত্রু দমনের জন্য ‘ব্রহ্মস’-এর মতো মারাত্মক ক্ষেপণাস্ত্রও রয়েছে।”
প্রতিরক্ষা মন্ত্রী আরও আত্মপ্রকাশ করেন যে, আগামী ৫ বছরের মধ্যে ভারতের সামগ্রিক রপ্তানি ২ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছবে, যা দেশের অর্থনৈতিক ও সামরিক অগ্রগতির এক বড় প্রমাণ।