বছরে ৪৬ কোটি টন প্লাস্টিক বর্জ্য থেকে মিলবে পরিবেশবান্ধব জ্বালানি! বিজ্ঞানীদের ম্যাজিক আবিষ্কারে তোলপাড় বিশ্ব

মেলবোর্ন: বিশ্বজুড়ে দূষণের অন্যতম প্রধান কারণ হলো প্লাস্টিক বর্জ্য। এই প্লাস্টিক দানবের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে এবং একই সঙ্গে পরিবেশবান্ধব ‘সবুজ জ্বালানি’ (Green Fuel) তৈরির লক্ষ্যে এক অবিশ্বাস্য প্রযুক্তি আবিষ্কার করলেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। আন্তর্জাতিক বিজ্ঞান মহলে ইতিমধ্যেই এই যুগান্তকারী আবিষ্কার ব্যাপক প্রশংসা কুড়োচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৪৬ কোটি টন প্লাস্টিক বর্জ্য জমা হয়। এই পাহাড়প্রমাণ সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে অস্ট্রেলিয়ার বিখ্যাত ‘ইউনিভার্সিটি অফ অ্যাডিলেড’ (University of Adelaide)-এর বিজ্ঞানীরা এক অভিনব উপায় বের করেছেন। তাঁরা সূর্যের আলোকে কাজে লাগিয়ে প্লাস্টিক বর্জ্যকে সরাসরি ‘হাইড্রোজেন জ্বালানি’ (Hydrogen Fuel) এবং বিভিন্ন শিল্পের জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপাদানে রূপান্তর করতে সফল হয়েছেন।
বিজ্ঞানীরা জানিয়েছেন, এই অত্যাধুনিক গবেষণায় ‘ফোটোরিফর্মিং’ (Photoreforming) নামক একটি বিশেষ আলোক-রাসায়নিক প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে কিছু নির্দিষ্ট লাইট-অ্যাক্টিভেটেড (আলোর উপস্থিতিতে সক্রিয় হওয়া) উপাদান ব্যবহার করে, অত্যন্ত কম তাপমাত্রাতেই প্লাস্টিককে সহজে গলিয়ে বা ভেঙে ফেলা সম্ভব।
এই প্রক্রিয়ার মাধ্যমে যেমন একদিকে ক্ষতিকারক প্লাস্টিক বর্জ্য চিরতরে নির্মূল হবে, ঠিক তেমনই পাওয়া যাবে দূষণমুক্ত একদম খাঁটি হাইড্রোজেন জ্বালানি। পরিবেশ রক্ষার পাশাপাশি জ্বালানির বিকল্প খোঁজার এই দারুণ খবরটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে।