দিঘায় ছুটবে বন্দে ভারত! ডাবল লাইনের জমি জট কাটাতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

দিঘায় ছুটবে বন্দে ভারত! ডাবল লাইনের জমি জট কাটাতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

দিঘা: বাংলার পর্যটক ও রেলপ্রেমীদের জন্য সবচেয়ে বড় সুখবর। এবার সরাসরি সমুদ্রনগরী দিঘা রুটেও ছুটতে চলেছে সেমি-হাইস্পিড প্রিমিয়াম ট্রেন ‘বন্দে ভারত এক্সপ্রেস’। তবে তার আগে দিঘা রুটের ভোলবদল করতে একটি বড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

দিঘা থেকে বন্দে ভারত এক্সপ্রেস চালু করার ক্ষেত্রে মূল বাধা সিঙ্গল রেললাইন। এই জট কাটাতে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, নন্দকুমার থেকে দিঘা পর্যন্ত ডাবল রেললাইন পাতার কাজকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আর এর জন্য দ্রুত জমি অধিগ্রহণের কাজ শুরু করা হবে।

জেলা শাসকের উপস্থিতিতে দিঘায় আয়োজিত একটি বৈঠক থেকে মুখ্যমন্ত্রী পূর্বতন সরকারকে তীব্র নিশানা করেন। তিনি বলেন, “এর আগের সরকারের আমলে রেল এই ডাবল লাইনের কাজের জন্য বারবার আবেদন করেছিল। কিন্তু তখন সরকার জমি দেয়নি। আগের সরকারের নেতিবাচক মনোভাবের কারণেই দেশের বাকি উপকূল শহরগুলো রেল নেটওয়ার্কে জুড়ে গেলেও একমাত্র দিঘা পিছিয়ে পড়েছিল।”

শুভেন্দু অধিকারী আরও যোগ করেন, “বন্দে ভারত ট্রেনটা তো দিঘা থেকেও চলা উচিত, তাই না? আর তার জন্য দরকার ডাবল রেললাইন। এই বিষয়ে রেলওয়ে বোর্ড ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে। রেলমন্ত্রী এবং আমি নিজে জেলা শাসকের সঙ্গে বৈঠক করেছি। ডাবল লাইনের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করা হবেই।” অন্যদিকে নন্দীগ্রাম রেল প্রকল্প নিয়ে তিনি জানান, ৭৪ একর জমি সরকারের হাতে রয়েছে এবং কাজ শেষ হয়েছে, বাকি থাকা মাত্র ৬ একর জমির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

রানাঘাট রূটেও বন্দে ভারতের ইঙ্গিত:

শুধু দিঘাই নয়, বন্দে ভারত এক্সপ্রেসের মানচিত্রে জুড়তে চলেছে রানাঘাটও। জানা গেছে, রানাঘাট-কল্যাণী এবং রানাঘাট-কৃষ্ণনগর থার্ড লাইনের (তৃতীয় লাইন) কাজ সম্পূর্ণ হলেই এই রুট দিয়েও গর্জন করতে করতে ছুটে যাবে বন্দে ভারত এক্সপ্রেস। সব মিলিয়ে আগামী দিনে রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থায় এক বড়সড় বিপ্লব আসতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *