রেকর্ড ভাঙা ধস! পুঁজি তুলে নেওয়া অব্যাহত রেখেছে FPI

মুম্বই: ভারতীয় শেয়ার বাজার থেকে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির (FPI) পুঁজি তুলে নেওয়ার ধারা জুনেও অব্যাহত রয়েছে, যা বাজার বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এনএসডিএল (NSDL)-এর সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি জুন মাসের প্রথমার্ধেই (১-১৫ জুন) ভারতীয় বাজার থেকে প্রায় ৬২,৮৫৩ কোটি টাকার শেয়ার বিক্রি করে টাকা তুলে নিয়েছে এই সমস্ত বিদেশি লগ্নিকারীরা।
পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, বিদেশি সংস্থাগুলির এই গণহারে পুঁজি তোলার প্রবণতা গত বছরের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেছে। সব মিলিয়ে ভারতের বাজারে এখন তাদের মোট পুঁজি তোলার পরিমাণ দাঁড়িয়েছে এক বিশাল অংকে— প্রায় ২.৮৭ লক্ষ কোটি টাকা।
তুলনামূলকভাবে, গত ২০২৫ সালের পুরো বছর জুড়ে বিদেশি লগ্নিকারীরা ভারতীয় বাজার থেকে তুলে নিয়েছিল ১.৬৬ লক্ষ কোটি টাকা। অর্থাৎ, গত বছরের পুরো সময়ের তুলনায় এবার বছরের মাঝামাঝিতেই পুঁজি প্রত্যাহারের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব বাজারের অস্থিরতা এবং লগ্নিকারীদের এই নিরাপদ দূরত্বের কারণে ভারতীয় শেয়ার বাজারে বড়সড় ওলটপালটের আশঙ্কা তৈরি হচ্ছে।