মহামেডান ক্লাবে বড় রদবদল! হুমায়ুনের নেতৃত্বে নতুন কমিটি, সচিব হলেন ওয়াসিম আক্রম

কলকাতা: সাদা-কালো শিবিরকে নতুন করে ঢেলে সাজাতে একগুচ্ছ বড়সড় পদক্ষেপ নিল মহামেডান স্পোর্টিং ক্লাব। ক্লাবকে আরও পেশাদার ও শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্যে হুমায়ুন কবিরের সভাপতিত্বে নতুন কমিটি গঠনের কাজ শুরু হয়ে গেছে।
এই নতুন কমিটিতে ক্লাবের সচিব পদের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে ওয়াসিম আক্রমকে। শুধু তাই নয়, আইনি ও সাংগঠনিক দিক সামলাতে বড় নাম যুক্ত করা হয়েছে এই কমিটিতে। বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামিম এবং মহম্মদ বাজলুর ইসলামকে মহামেডান ক্লাবের মেন্টর বা পরামর্শদাতার পদে আনা হয়েছে।
আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক তথা ক্লাবের নতুন সভাপতি হুমায়ুন কবির মহামেডানের গৌরবময় ঐতিহ্য ও ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে জানান, ক্লাবকে তার পুরনো ফর্মে ফিরিয়ে আনাই তাঁদের মূল লক্ষ্য। নতুন এই কমিটির হাত ধরে সাদা-কালো ব্রিগেড আগামী দিনে সাফল্যের নতুন শিখরে পৌঁছাবে বলেই আশা করছেন ক্লাবের সমর্থকরা।