তৃণমূল ভাঙার আসল ‘কারিগড়’ কে? নিজেই গোপন রহস্য ফাঁস করলেন বিজেপির এই হেভিওয়েট সাংসদ

নয়াদিল্লি: রাজনৈতিক মহলে এখন সবথেকে বড় চর্চার বিষয়— তৃণমূল কংগ্রেসের (TMC) ২০ জন সাংসদের শিবির বদল। ঘাসফুল ছেড়ে তাঁরা এখন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোটে সামিল। কিন্তু তৃণমূলের অন্দরে এত বড় ধস নামানোর মাস্টারমাইন্ড কে? পর্দার আড়ালে থেকে কে চালালেন এই নিখুঁত অপারেশন? অবশেষে সামনে এল সেই আসল নাম।
তৃণমূলের এই বড়সড় দল ভাঙানোর নেপথ্য কাণ্ডারি আর কেউ নন, তিনি হলেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ তথা প্রাক্তন টিডিপি (TDP) নেতা চিন্তাকুন্টা মুনুস্বামী রমেশ (CM Ramesh)।
সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই চাঞ্চল্যকর অপারেশন নিয়ে নিজেই মুখ খুলেছেন বিজেপির এই হেভিওয়েট নেতা। নিজের রণকৌশল ফাঁস করে তিনি জানান, “মানুষকে বোঝানো বা কাউকে কোনো বিষয়ে রাজি করানোর একটি সহজাত দক্ষতা আমার রয়েছে। সংসদের ক্যান্টিনে যাতায়াতের সুবাদেই তৃণমূলের বহু সাংসদের সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। আর সেই সুসম্পর্ককে কাজে লাগিয়েই এই পুরো কাজটা হাসিল হয়েছে।”
সংসদের ক্যান্টিনের আড্ডাকেই যে সাংসদ কেনাবেচা বা দল ভাঙানোর মূল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে, সি এম রমেশের এই বিস্ফোরক স্বীকারোক্তির পর তা একপ্রকার স্পষ্ট। এই ঘটনা প্রকাশ্যে আসতেই জাতীয় রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে।