‘শান্তি ফেরানোর দায়িত্ব আপনাদেরই!’ কুণালকে ডিম হামলার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় পালাবদলের পর থেকেই রাজ্যজুড়ে আক্রান্ত বিদায়ী শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। মারধর, কার্যালয় ভাঙচুর থেকে শুরু করে নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া চিঠি লিখলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। স্পষ্ট ভাষায় মনে করিয়ে দিলেন, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় ক্ষমতায় আসা বিজেপিরই এখন রাজ্যে শান্তি বজায় রাখার মূল দায়িত্ব।

গত ৪ মে বাংলায় নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই একের পর এক তৃণমূল নেতা ও কর্মীদের নিশানা করা হচ্ছে বলে অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সব্যসাচী দত্তের পর এবার খোদ তৃণমূল নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আক্রান্ত হলেন বিধায়ক কুণাল ঘোষ। সোমবার কালীঘাটে দলনেত্রীর বাড়ি থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই কুণালকে লক্ষ্য করে ডিম ছোড়ে এক যুবক। তাও আবার পুলিশের সামনেই!

নিজের চিঠিতে এই ‘ডিম-আক্রমণ’ ও রাজ্যজুড়ে চলা সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন সৌগত রায়। মজার বিষয় হলো, চিঠির শুরুতে মাওবাদী দমনে সাফল্যের জন্য অমিত শাহকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। কিন্তু তারপরেই সুর চড়িয়ে বাংলায় তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর এবং নেতাদের হেনস্থার প্রসঙ্গ তোলেন।

বিজেপিকে রাজধর্ম মনে করিয়ে দিয়ে বর্ষীয়ান এই সাংসদ চিঠিতে লিখেছেন, “বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। তাই রাজ্যে শান্তি ও আইন-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব এখন সম্পূর্ণ আপনাদেরই।” ভোট মিটলেও বাংলার রাজনৈতিক পারদ যে এখনও ফুটছে, সৌগত রায়ের এই চিঠি তারই প্রমাণ। এখন দেখার, তৃণমূল সাংসদের এই চিঠির জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কী পদক্ষেপ নেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *