নিটের চাপে এবার তামিলনাড়ুতে আত্মঘাতী পরীক্ষার্থী, প্রশ্নবিদ্ধ পরীক্ষা ব্যবস্থা!

দেরাদুনের পর এবার তামিলনাড়ুর কোয়েম্বাটুর। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং পুনঃপরীক্ষার মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন ১৯ বছর বয়সি এক তরুণী পরীক্ষার্থী। মৃতার নাম অনুনকীর্তনা। আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট পুনঃপরীক্ষার আগেই তাঁর এই আকস্মিক মৃত্যুতে গোটা রাজ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। তবে পরিবারের দাবি, এর আগেও দু’বার নিট পরীক্ষায় বসেছিলেন অনুনকীর্তনা এবং এবারও জোরকদমে প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু সাম্প্রতিক প্রশ্নফাঁস ও পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে তিনি চরম মানসিক হতাশায় ভুগছিলেন। নতুন করে প্রস্তুতি নিতে গিয়ে তিনি কিছুতেই মনঃসংযোগ করতে পারছিলেন না বলে পরিবারকে জানিয়েছিলেন। এই মানসিক অবসাদই তাঁর মৃত্যুর কারণ বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। বর্তমানে পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
নিট বাতিলের দাবিতে উত্তাল তামিলনাড়ু
এই মর্মান্তিক ঘটনার পর কোয়েম্বাটুর সহ গোটা তামিলনাড়ুতে প্রতিবাদের ঝড় উঠেছে। ডিএমকে-র নেতৃত্বে রাজ্যজুড়ে নিট বাতিলের দাবিতে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে। তামিলনাড়ু সরকার ও আন্দোলনকারীদের দীর্ঘদিনের অভিযোগ, নিট পরীক্ষার বর্তমান ব্যবস্থা মূলত ব্যয়বহুল বেসরকারি কোচিং নেওয়া পড়ুয়াদের সুবিধা করে দেয়। এর ফলে সরকারি স্কুল এবং গ্রামীণ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেধাবী ছাত্রছাত্রীরা চরম বঞ্চনার শিকার হচ্ছেন।
নিট চালুর আগে প্রায় এক দশক ধরে উচ্চমাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই রাজ্যে মেডিক্যাল কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হত। নিট থেকে অব্যাহতি চেয়ে তামিলনাড়ু বিধানসভায় একটি বিল পাস হলেও রাষ্ট্রপতির অনুমোদন না মেলায় তা আজও কার্যকর হয়নি। এই পরিস্থিতিতে তরুণীর মৃত্যু নিট পরীক্ষা ব্যবস্থার কাঠামো এবং পড়ুয়াদের ওপর এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে নতুন করে বড়সড় বিতর্ক উসকে দিল।