মমতা ও অভিষেককে হাইকোর্টের কড়া নোটিশ! ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে চরম অস্বস্তিতে তৃণমূল

কলকাতা: ২১ জুলাইয়ের ‘শহিদ দিবস’-এর মেগা সমাবেশ নিয়ে বড়সড় আইনি গেরোয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব! গত বছর ধর্মতলায় আয়োজিত সমাবেশের কারণে রাস্তা পুরোপুরি অবরুদ্ধ হয়ে যাওয়ার অভিযোগে এবার দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
শুক্রবার আদালত অবমাননার একটি মামলার শুনানিতে এই কড়া নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
ঠিক কী অভিযোগ?
শ্রীকান্ত দত্ত নামের এক ব্যক্তির দায়ের করা পিটিশনের ভিত্তিতে এই পদক্ষেপ করেছে আদালত। মামলাকারীর অভিযোগ, গত বছর ২১ জুলাইয়ের সমাবেশের জেরে কলকাতার একাধিক প্রধান ও সংযোগকারী রাস্তা সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে পড়েছিল। এটি কলকাতা হাইকোর্টের ২০১৮ সালের একটি নির্দেশিকার সরাসরি লঙ্ঘন।
শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানির পর মমতা ও অভিষেককে নোটিশ পাঠানোর নির্দেশ দেয়। আগামী ৩ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।
কী ছিল ২০১৮ সালের সেই নির্দেশিকায়?
২০১৮ সালে হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে স্পষ্ট জানিয়েছিল, শহরের রাস্তায় কোনও রাজনৈতিক সমাবেশ হলে রাস্তার একটি অংশ অবশ্যই খোলা রাখতে হবে। এর মূল উদ্দেশ্য ছিল, পথচারী এবং অ্যাম্বুল্যান্সের মতো জরুরি যান চলাচলে যেন কোনও বাধা সৃষ্টি না হয়। কিন্তু অভিযোগ, গত বছর তৃণমূলের এই মেগা সমাবেশে সেই নিয়ম একেবারেই মানা হয়নি।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ২১ জুলাই পুলিশের গুলিতে ১৩ জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যুর পর থেকেই এই দিনটিকে ‘শহিদ দিবস’ হিসেবে পালন করে আসছে তৃণমূল। প্রতি বছরই এই দিনটিতে ধর্মতলার বুকে বিশাল জনসমুদ্রের সৃষ্টি হয়। কিন্তু এবার সেই মেগা সমাবেশ ঘিরেই সরাসরি হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।