যোগ দিবসে শহরে মোদী! আজ বন্ধ কলকাতার একাধিক রাস্তা, বাড়ি থেকে বেরনোর আগে জানুন রুট

কলকাতা: আজ ২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবস। এই উপলক্ষে আজ কলকাতার রেড রোডে আয়োজিত মেগা ইভেন্টে যোগাভ্যাস করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই বিশেষ কর্মসূচির জেরে আজ শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাই রবিবারের ছুটির দিনে বাড়ি থেকে বেরনোর আগে অবশ্যই জেনে নিন ট্র্যাফিক আপডেট।
সকাল ৬টা ১৫ থেকে ৬টা ২৫ মিনিটের মধ্যে রেড রোডের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রবেশ করতে হবে। সকাল সাড়ে ৬টা নাগাদ অনুষ্ঠানস্থলে পৌঁছবেন প্রধানমন্ত্রী এবং শুরু হবে মূল অনুষ্ঠান।
একনজরে ট্র্যাফিক আপডেট:
- যান চলাচল নিয়ন্ত্রণ: শনিবার থেকেই সমস্ত গাড়ি ১১ ফারলং গেট থেকে কেপি রোড, জে অ্যান্ড এন আইল্যান্ড, ডাফরিন রোড, মেয়ো রোড, নেতাজি মূর্তি, আর আর অ্যাভিনিউ হয়ে লোকভবনের দক্ষিণ দ্বারের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
- মালবাহী গাড়িতে নিষেধাজ্ঞা: রবিবার দুপুর ১২টা পর্যন্ত এই রাস্তাগুলিতে মালবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ নিয়ন্ত্রিত থাকবে। তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে।
- সম্পূর্ণ বন্ধ যে রাস্তাগুলি: রবিবার দুপুর ১২টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট এবং এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে পুরনো কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদী বাগ দক্ষিণ ক্রসিং পর্যন্ত রাস্তা উভয় দিকেই সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এই নির্দিষ্ট রুটে কোনও গাড়ি যাতায়াত করতে পারবে না।
ভোর থেকেই চলছে মেট্রো: যোগ দিবসের অনুষ্ঠান এবং সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (NEET-UG) পরীক্ষার কথা মাথায় রেখে আজ শহরে ভোর ৪টে থেকেই মেট্রো পরিষেবা চালু করে দেওয়া হয়েছে। রবিবার সাধারণত ১৫২টি মেট্রো চললেও, যাত্রীদের সুবিধার্থে আজ মোট ২১৪টি (১০৭টি আপ ও ১০৭টি ডাউন) মেট্রো চালানো হচ্ছে। সারাদিন ১৪ থেকে ১৫ মিনিটের ব্যবধানেই মেট্রো পরিষেবা পাবেন সাধারণ মানুষ।