বরফ গলার ইঙ্গিত নিয়ে আগামী বছরের শুরুতেই ভারতে আসছেন ডোনাল্ড ট্রাম্প!

সব কিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এই হাই-প্রোফাইল সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। এই সফরের প্রস্তুতি খতিয়ে দেখতে চলতি বছরের শেষভাগেই নয়াদিল্লি আসছেন রুবিও নিজে। ওয়াশিংটন ডিসিতে এক সাক্ষাৎকারে তিনি জানান, ভারত আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ অংশীদার এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত চমৎকার, যা সমকালীন আন্তর্জাতিক কূটনীতিতে বড় ভূমিকা রাখছে।
মোদি-ট্রাম্প রসায়ন ও জি-৭ বৈঠক
সম্প্রতি ফ্রান্সে আয়োজিত জি-৭ সম্মেলনের পার্শ্ববৈঠকে মুখোমুখি হয়েছিলেন মোদি ও ট্রাম্প। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে ট্রাম্প তাঁকে ‘শান্ত, স্থিতধী এবং অত্যন্ত দক্ষ ও কঠোর’ নেতা হিসেবে অবিহিত করেন। এর আগে ২০২০ সালে প্রথম মেয়াদে ভারতে এসেছিলেন ট্রাম্প। ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয়বারের জন্য মার্কিন মসনদে বসার পর এটিই হতে চলেছে তাঁর প্রথম ভারত সফর।
বাণিজ্যিক জটিলতা ও সম্ভাব্য প্রভাব
ট্রাম্পের দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার পর মার্কিন প্রশাসনের নতুন ‘শুল্ক নীতি’র কারণে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছিল। দীর্ঘ সময় ধরে দুই দেশের মধ্যে কোনো বড় বাণিজ্য চুক্তি সম্পন্ন না হওয়ায় এই সফরটি কূটনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ট্রাম্পের এই সম্ভাব্য আগমন দুই দেশের মধ্যকার বাণিজ্যিক টানাপোড়েন দূর করতে এবং ঝুলে থাকা দ্বিপাক্ষিক ইস্যুগুলোর সমাধানে ফলপ্রসূ প্রভাব ফেলবে বলে কূটনৈতিক মহলের ধারণা।