স্কুলে খুদে ছাত্রীদের যৌন নিগ্রহ! তৃণমূল ঘনিষ্ঠ প্রধান শিক্ষক গ্রেপ্তার

মালদহ: প্রাথমিক স্কুলের কোমলমতি ছাত্রীদের যৌন নিগ্রহের অভিযোগে উত্তাল মালদহের হবিবপুর। অভিযুক্ত ওই স্কুলেরই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাকলিন মুস্তাক। জানা গিয়েছে, ধৃত শিক্ষক তৃণমূল শিক্ষা সেলের সঙ্গে যুক্ত। তাঁর এই ন্যক্কারজনক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
কী অভিযোগ?
স্থানীয় সূত্রে খবর, ওই কো-এড (সহ-শিক্ষা) প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রীদের আলাদা ঘরে ডেকে নিয়ে গিয়ে অশ্লীল ভিডিও দেখাতেন অভিযুক্ত সাকলিন। ভিডিও দেখানোর অছিলায় তিনি খুদে ছাত্রীদের যৌন নির্যাতন করতেন বলেও অভিযোগ। এক ছাত্রী বাড়িতে গিয়ে সব কথা খুলে বললে বিষয়টি জানাজানি হয়।
মারমুখী অভিভাবক, উদ্ধার করল পুলিশ
প্রধান শিক্ষকের এই কীর্তি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসে ওঠেন অভিভাবকরা। স্কুলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। উত্তেজিত জনতা অভিযুক্ত শিক্ষককে ঘিরে ধরে মারধর শুরু করে এবং আটকে রাখে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় হবিবপুর থানার পুলিশ। মারমুখী জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, ওই শিক্ষকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা থাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।