ভেজাল পেট্রলের রমরমা কারবার, ফের উদ্ধার ২২ ড্রাম বিষাক্ত জ্বালানি!

মালদহের হরিশ্চন্দ্রপুরে ফের হানা দিয়ে জাল পেট্রল তৈরির এক বিশাল কারখানার হদিস পেল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার আইসি সুমিত কুমার ঘোষের নেতৃত্বে তুলসিহাটা এলাকায় অভিযান চালিয়ে ২২ ড্রাম কেরোসিন, সাদা তেল ও বিভিন্ন রাসায়নিক উপাদান উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে সঞ্জয় গুপ্তা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে খোপাকাঠি এলাকায় একই অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল, তাঁকে জেরা করেই এই নতুন ডেরার খোঁজ মেলে।
দীর্ঘদিন ধরে কেরোসিন ও রাসায়নিক মিশিয়ে নকল পেট্রল তৈরি করে বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছিল, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশি তল্লাশি ও নিয়মিত অভিযানের মাধ্যমে এই চক্রের মূল হোতাদের খুঁজে বের করার প্রক্রিয়া চলছে। ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলেও তোলপাড় শুরু হয়েছে এবং প্রশাসনের কঠোর অবস্থানের দাবি উঠেছে। ভেজাল জ্বালানি বিক্রির সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত করতে তদন্ত আরও জোরদার করেছে হরিশ্চন্দ্রপুর থানা।