রাম মন্দিরের কোটি কোটি টাকা চুরির মামলায় এবার মোদী ও যোগী সরকারকে কড়া নোটিস সুপ্রিম কোর্টের

অযোধ্যায় রাম মন্দিরের প্রণামীর অর্থ আত্মসাতের মামলায় কেন্দ্রীয় সরকার, উত্তর প্রদেশ সরকার এবং স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিটকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ এই প্রাথমিক শুনানিতে আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে। একাধিক ব্যক্তি ও সংগঠনের সিবিআই তদন্তের দাবির পরিপ্রেক্ষিতে আদালত সিটকে এ পর্যন্ত তদন্তের অগ্রগতির রিপোর্ট লিখিতভাবে জমা দিতে বলেছে। যোগী সরকারের গঠিত সিটের তদন্তে ইতিপূর্বেই মন্দিরের আটজন কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। সব পক্ষের বক্তব্য পর্যালোচনার পরেই শীর্ষ আদালত সিবিআই তদন্তের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এদিকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এবং আর্থিক অনিয়ম রুখতে রাম মন্দির ট্রাস্ট বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ট্রাস্টের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সামগ্রিক পরিচালন ব্যবস্থার শীর্ষে থাকবেন একজন চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও, যিনি একজন অবসরপ্রাপ্ত আইএএস বা আইপিএস অফিসার হতে পারেন। সমস্ত কর্মচারী তাঁর অধীনে কাজ করবেন এবং দৈনন্দিন কাজের তদারকি তিনিই করবেন। এর পাশাপাশি মন্দিরের প্রণামীর বাক্স, অর্থ গণনা এবং সার্বিক নজরদারিতে অত্যন্ত কড়া ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।