অ্যাকাউন্টে হঠাৎ ৭৫৯ কোটি টাকা! কোচবিহারে ব্যাঙ্ক গ্রাহকদের চোখ কপালে
কোচবিহারের তুফানগঞ্জ ও দিনহাটায় ব্যাঙ্কের প্রযুক্তিগত ত্রুটির জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার তুফানগঞ্জের এক ক্ষুদ্র ব্যবসায়ী সুকুমার অধিকারী এবং দিনহাটার দশম শ্রেণির এক পড়ুয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মাত্র ৫০০ টাকা তুলতে যান। কিন্তু ব্যালেন্স চেক করতেই তাঁদের চোখ কপালে ওঠে! দুজনেই দেখতে পান তাঁদের অ্যাকাউন্টে ৭৫৯ কোটিরও বেশি টাকা জমা রয়েছে। হঠাৎ এত বিপুল পরিমাণ টাকার অঙ্ক দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা।
খবরটি জানাজানি হতেই ব্যাপক কৌতূহল তৈরি হয়। কেউ কেউ বিষয়টি গোপন রাখার পরামর্শ দিলেও, সততার পরিচয় দিয়ে তাঁরা তৎক্ষণাৎ স্থানীয় থানা ও ব্যাঙ্ককে পুরো ঘটনাটি জানান। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যাঙ্কের সার্ভারে গুরুতর কোনও প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই বিভ্রান্তি ঘটেছে। তবে ভিন্ন এলাকার দুই গ্রাহকের অ্যাকাউন্টে প্রায় একই অঙ্কের টাকা কীভাবে এল, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।