তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ঋতব্রতপন্থীদের বড় ধাক্কা, কলকাতা হাই কোর্টে খারিজ ‘আসল তৃণমূলে’র আর্জি

তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় ঋতব্রতপন্থীদের পক্ষভুক্ত হওয়ার আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি কৃষ্ণা রাও এই আবেদন নাকচ করে স্পষ্ট জানান, দলটির কর্তৃত্বের বিষয়টি যেহেতু নির্বাচন কমিশনের কাছে বিচারাধীন, তাই আদালত এখনই এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে চায় না। এর আগে ইডি তৃণমূলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের পক্ষে আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, এর আগে ৮টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, যার ফলে রাজনৈতিক দলের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। অন্যদিকে ইডির দাবি, সব অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি এবং বাকি টাকা দিয়ে কাজ চালানো সম্ভব। টাকা বিদেশে পাচার হওয়ার আশঙ্কার কথাও জানায় কেন্দ্রীয় সংস্থাটি। উভয় পক্ষের দীর্ঘ সওয়াল-জবাব শোনার পর আদালত এই মামলার রায়দান স্থগিত রেখেছে।