৪ বছরে ট্রেন থেকে গায়েব ১ কোটি ২৭ লক্ষ বিছানা সামগ্রী, বিপুল চুরিতে দিশেহারা রেল!

ভারতীয় রেলে এসি কোচের যাত্রীদের দেওয়া বেডরোল চুরির ঘটনা উদ্বেগজনক আকার ধারণ করেছে। আরটিআই রিপোর্ট অনুযায়ী, গত চার বছরে ট্রেন থেকে প্রায় ১ কোটি ২৭ লক্ষ কম্বল, বালিশ, চাদর ও তোয়ালে চুরি গিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি খোয়া গিয়েছে তোয়ালে, যার সংখ্যা প্রায় ৪৭ লক্ষ। এই চুরির জেরে রেলের আর্থিক ক্ষতি হয়েছে ১০৪ কোটি টাকারও বেশি। পরিসংখ্যানে দেখা গিয়েছে, প্রতি হাজার যাত্রীর মধ্যে অন্তত একজন এই চুরিতে জড়িত।
সবচেয়ে বেশি চুরির ঘটনা ঘটেছে বিকানের ডিভিশনে, যেখানে নিখোঁজ হয়েছে ২৫ লক্ষেরও বেশি সামগ্রী। তালিকায় এরপরই রয়েছে রাঁচি, দিল্লি এবং মুম্বই। বিপুল এই চুরির কারণে চরম বিপাকে পড়েছেন ট্রেনের অ্যাটেনডেন্টরা। কারণ নিয়ম অনুযায়ী, ট্রেন থেকে কোনো সামগ্রী চুরি গেলে তার সম্পূর্ণ আর্থিক দায়ভার বহন করতে হয় দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে। ফলে ঘাটতির ক্ষতিপূরণ মেটাতে গিয়ে অ্যাটেনডেন্টদের পারিশ্রমিক থেকেই এই জরিমানার টাকা কেটে নেওয়া হচ্ছে।