হাসপাতাল ও স্কুলের খাবারে বিপুল বরাদ্দ বৃদ্ধি! ১ অগস্ট থেকে বড় চমক মুখ্যমন্ত্রীর
July 14, 20268:50 am

সরকারি হাসপাতাল এবং স্কুলপড়ুয়াদের খাবারে বিপুল বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার রাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী ১ অগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দৈনিক খাবারের খরচ ৫৬ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে একলাফে ১১০ টাকা করা হয়েছে। দীর্ঘ ন’বছর পর এই বদল আসায় রোগীরা আরও উন্নত ও পুষ্টিকর খাবার পাবেন।
অন্যদিকে, পিএম পোষণ প্রকল্পের আওতায় প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের দৈনিক খাবারের বরাদ্দ ৬ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। অতিরিক্ত ৩ টাকা ২২ পয়সার সম্পূর্ণ খরচ রাজ্য সরকারই বহন করবে। শিশুদের পুষ্টির মান বাড়াতে এবং মূল্যবৃদ্ধির মোকাবিলায়, দায়িত্ব গ্রহণের মাত্র দু’মাসের মধ্যে নতুন সরকারের এই জনমুখী পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।