নভেম্বরেই কি ভাগ্যবদল কলকাতা পুরসভার, ২০০ ওয়ার্ডের নতুন সমীকরণ ঘিরে বাড়ছে পারদ

চলতি বছরের নভেম্বরের মধ্যে কলকাতা পুরসভার নির্বাচন সম্পন্ন করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে পুর প্রশাসন। সোমবার এক সাংবাদিক বৈঠকে পুরপ্রশাসক স্মিতা পাণ্ডে জানান, আগামী ২৭ জুলাইয়ের মধ্যে ওয়ার্ডের আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন সংক্রান্ত রিপোর্ট জমা দেবে বিশেষ কমিটি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মেনে ওয়ার্ড পুনর্বিন্যাস করেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। লক্ষ্য হলো আগামী ৭ ডিসেম্বরের মধ্যে নতুন নির্বাচিত বোর্ডের হাতে পুরসভার দায়িত্ব হস্তান্তর করা।
এই নতুন পুনর্বিন্যাসের ফলে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০০ হচ্ছে। তবে বরো সংখ্যা ১৬টি-তেই অপরিবর্তিত থাকবে এবং প্রতিটি ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৬ থেকে ১৮ হাজারের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে। আগস্টের প্রথম সপ্তাহে পুর ও নগরোন্নয়ন দফতর থেকে এই সীমানা পরিবর্তনের বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এই প্রক্রিয়ার জন্য কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ১৬টি বরোর জন্য পৃথক কমিটিও গঠন করা হয়েছে।