সংসদে নজিরবিহীন মর্যাদা এনসিপিআই-এর! দলনেতা সুদীপ, দায়িত্ব পেলেন কাকলি-শতাব্দীও

তৃণমূল কংগ্রেস ত্যাগ করে গঠিত ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’ (এনসিপিআই) লোকসভায় এবার পৃথক রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠকের পর তৃণমূলের প্রাক্তন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, লোকসভায় এনসিপিআই-এর দলনেতা হচ্ছেন তিনিই। একই সঙ্গে কাকলি ঘোষ দস্তিদারকে দলের মুখ্য সচেতক এবং শতাব্দী রায়কে উপ-দলনেতা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদের নতুন ভবনে এনসিপিআই এখন থেকে পৃথক কার্যালয় ও আসন ব্যবহারের অধিকার পাবে।
আগামী ২০ জুলাই থেকে শুরু হতে যাওয়া সংসদের বাদল অধিবেশনের আগে এই নতুন সমীকরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দলীয় সূত্রের খবর, এনডিএ-কে সমর্থন জানানোর সিদ্ধান্ত নেওয়ায় শাসক জোটের দিকেই আসন পেতে চলেছে এনসিপিআই-এর ২০ জন সাংসদ। ১৯ জুলাই দলের সাংসদদের বৈঠকে এই নিয়োগের আনুষ্ঠানিক প্রস্তাব গৃহীত হবে। স্পিকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সংসদীয় অধিকার নিশ্চিত করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং আসন্ন অধিবেশনে তাঁরা পূর্ণ শক্তিতে অংশ নিতে প্রস্তুত।