পুজো অনুদান বেড়ে ১ লক্ষ ২০ হাজার! তবে এবার টাকা পাবে না কারা?

রথযাত্রা পেরোতেই বাঙালির দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। মণ্ডপ, প্রতিমা থেকে খুঁটিপুজো— দিকে দিকে শুরু হয়ে গিয়েছে শারদোৎসবের প্রস্তুতি। তবে পুজো কমিটিগুলির নজর এখন রাজ্য সরকারের অনুদানের দিকে। রাজ্যে নতুন সরকার আসার পর অনুদান চালু থাকবে কি না, তা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তার অবসান ঘটতে চলেছে। নবান্ন সূত্রের খবর, এবারের পুজো অনুদান গতবারের তুলনায় আরও বাড়তে চলেছে!
কত টাকা অনুদান মিলতে পারে? গত বছর (২০২৫ সালে) প্রতিটি পুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। প্রশাসনিক সূত্রে খবর, এবার সেই অঙ্ক বেড়ে ১ লক্ষ ২০ হাজার টাকা হতে পারে।
কারা পাবে এই অনুদান? (জুড়ল বড় শর্ত) এবারের অনুদানের নিয়মে বড়সড় বদল আসতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন যে, সরকারি অনুদান কেবল সেইসব পুজো কমিটিগুলিকেই দেওয়া হবে, যাদের প্রকৃত অর্থেই আর্থিক সাহায্যের প্রয়োজন। কোটি টাকার বাজেটের বড় ও আর্থিকভাবে স্বচ্ছল পুজো কমিটিগুলিকে এবার অনুদানের আওতার বাইরে রাখা হতে পারে। অর্থাৎ, ছোট ও মাঝারি বাজেটের পুজোগুলিই এবার সরকারের অগ্রাধিকার পাবে।
কবে আসবে নির্দেশিকা? ২০১৮ সালে মাত্র ১০ হাজার টাকা দিয়ে শুরু হয়েছিল দুর্গাপুজোর অনুদান। গত বছর রাজ্যের প্রায় ৪৫ হাজার পুজো কমিটি এই টাকা পেয়েছিল, যার মোট খরচ ছিল প্রায় ৪৯৫ কোটি টাকা। নতুন সরকার রথযাত্রাতেও প্রথমবার আর্থিক সহায়তা দিয়েছে। তাই দুর্গাপুজো নিয়েও ছোট ও মাঝারি বাজেটের পুজো উদ্যোক্তারা বেশ আশাবাদী। নবান্ন সূত্রের খবর, কোন মানদণ্ডে এবার অনুদান দেওয়া হবে, তার বিস্তারিত নির্দেশিকা ও বিজ্ঞপ্তি খুব দ্রুত প্রকাশ করা হবে।