ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল স্কুল ভ্যান, মর্মান্তিক মৃত্যু ৩ পড়ুয়ার

বহরমপুর: সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ মুর্শিদাবাদের বহরমপুর। শুক্রবার সকালে একটি স্কুল ভ্যান ও ট্রেনের সংঘর্ষে ২ পড়ুয়া সহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও বেশ কয়েকজন শিক্ষার্থীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কীভাবে ঘটল দুর্ঘটনা? এদিন সকালে বহরমপুর থানার কর্ণসুবর্ণ রেলগেট পার হওয়ার সময় এই বিপত্তি ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রেল গেটটি সেই সময় খোলা ছিল। গাড়িচালক সেই সুযোগে লেভেল ক্রসিং পার হতে গেলে আচমকাই উল্টোদিক থেকে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি চলে আসে। সজোরে স্কুল গাড়িটিকে ধাক্কা মারে ট্রেনটি। ধাক্কায় গাড়িটি দুমড়েমুচড়ে গিয়ে পাশের রেল লাইনে ছিটকে পড়ে। একইসঙ্গে এক সাইকেল আরোহীকেও ধাক্কা মারে ট্রেনটি।

গেটের দায়িত্বে গাফিলতি? স্থানীয়দের দাবি, গেট খোলা থাকার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। প্রশ্ন উঠছে রেলের গেটম্যানের ভূমিকা নিয়ে। গেটম্যান থাকা সত্ত্বেও কেন তা খোলা রাখা হয়েছিল, তা নিয়ে তীব্র ক্ষোভ দানা বেঁধেছে এলাকায়। ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তদন্তে পূর্ব রেল এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে পূর্ব রেল। কেন রেলগেট খোলা ছিল এবং গেটম্যানের দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পাঠানো হয়েছে রেলের একটি বিশেষ দল। মুর্শিদাবাদের এই ভয়াবহ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *